কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। সিরাজগঞ্জের তাড়াশে তিনটি পদেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী এবং বাগেরহাটের ফকিরহাটে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। তবে ফকিরহাটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।
এ ছাড়া জামালপুরের মেলান্দহ ও বকশীগঞ্জেও গতকাল স্থগিত তিনটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। মেলান্দহে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী এবং বকশীগঞ্জে নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
ওই ছয়টি উপজেলা পরিষদে ২৭ ফেব্রুয়ারি স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোতে গতকাল সোমবার ভোট নেওয়া হয়। গণনা শেষে বেসরকারিভাবে এ ফল জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
লাকসাম (কুমিল্লা): স্থগিত হওয়া দুটি কেন্দ্রে গতকাল ভোট গ্রহণ হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইউনুছ ভূঁইয়া জয়ী হয়েছেন। নির্বাচনে তিনি ৫৪ হাজার ১০৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত আবদুর রহমান বাদল পেয়েছেন ৫০ হাজার ৬১১ ভোট। ২৭ ফেব্রুয়ারি ৫৯টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এতে আবদুর রহমান ৫০ হাজার ২০২ ভোট পান এবং ইউনুছ ভূঁইয়া পান ৪৯ হাজার ৪৬২ ভোট।
সিরাজগঞ্জ: তাড়াশে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল হক ৪৯ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর পেয়েছেন ৪৭ হাজার ৭০১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ফরহাদ আলী ৪৬ হাজার ৮৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান একই দল-সমর্থিত মনোয়ারা বেগম ৪৭ হাজার ৫৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি ৫৬টি ভোটকেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে আবদুল হক ৬৬৪ ভোট, ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ আলী দুই হাজার ২১৪ ভোট এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম ১১৩ ভোট বেশি পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে এগিয়েছিলেন। স্থগিত হওয়া সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভোট গ্রহণ করার পর গতকাল ওই প্রার্থীরাই বিজয়ী হন।
চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওয়াহিদুর রহমান ৬০ হাজার ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত মো. আবদুল কুদ্দুস পান ৪৬ হাজার ১৩৬ ভোট। এখানে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বাগেরহাট: ফকিরহাটে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শরিফুল কামাল জয়ী হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি স্থগিত হওয়া সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গতকাল ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে এ ফল জানানো হয়। তবে গতকাল ওই কেন্দ্রের ভোটাররা কার্যত ভোট বর্জন করেন। বেলা দুইটা পর্যন্ত ওই কেন্দ্রে মাত্র ২৫টি ভোট পড়ে।
মাদারগঞ্জ (জামালপুর): জামালপুরের মেলান্দহে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল আলম সিদ্দিকী ৩৫ হাজার ৪২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত ইউনুস আলী ৩১ হাজার ৫৮৭ ভোট পান। স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফল জানানো হয়। বকশীগঞ্জ উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তাহমিনা আকতার ৪২ হাজার ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওই উপজেলা পরিষদে গতকাল একটি কেন্দ্রে ভোট গ্রহণের পর এ ফল জানানো হয়।