চারণকবি গফুরের পাশে এক ক্লিনিক মালিক

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের চারণকবি অসুস্থ আবদুল গফুর শেখের পাশে দাঁড়িয়েছেন ক্লিনিকের এক মালিক। গত মঙ্গলবার বিকেলে তাঁকে চিকিৎসার জন্য নড়াইল শহরের পপুলার সার্জারি অ্যান্ড নার্সিংয়ে ভর্তি করা হয়।
আবদুল গফুর শেখ ক্লিনিকের চিকিৎসক শ্যামল কৃষ্ণ সাহার অধীনে চিকিৎসা নিচ্ছেন।
শ্যামল কৃষ্ণ সাহা বলেন, আবদুল গফুর শেখের পুষ্টিহীনতা ও বার্ধক্যজনিত দুর্বলতা আছে। তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
ক্লিনিকের মালিক এস এম সাজ্জাদ রহমান বলেন, ‘প্রথম আলোয় চারণকবিকে নিয়ে সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করি। এরপর মঙ্গলবার বিকেলে কবিকে আমার ক্লিনিকে ভর্তি করি। আমার ক্লিনিকে যত দিন আছেন, তত দিন তাঁর চিকিৎসার সব খরচ আমি বহন করব।’
আবদুল গফুর শেখ বলেন, ‘প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ায় আমার ভালো চিকিৎসার ব্যবস্থা হয়েছে।’
২৩ আগস্ট প্রথম আলোয় ‘নিঃসঙ্গ এক চারণকবি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।