চারতলা থেকে পড়ে বুয়েট ছাত্রী আহত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রীনিবাসের চারতলা থেকে পড়ে সিফাত আফরোজ মুন (২১) নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিফাত আফরোজ বিশ্ববিদ্যালয়ের চারতলায় ছাত্রীনিবাসে থাকেন। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে তিনি ও তাঁর এক বান্ধবী বৃষ্টিতে ভিজতে ওই হলের ছাদে যান। ফেরার সময় সিঁড়ির রেলিং ধরে তাড়াহুড়ো করে নামতে গেলে তাঁর পা ফসকে যায়। এতে উল্টে গিয়ে তিনি সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে মাথা ও চোয়ালে গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হক জানান, তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অনেকেই হাসপাতালে গেছেন। কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় দেওয়া হবে বলেও জানান তিনি।