চারতলা ভবনে ফাটল, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার আহমঞ্চদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের একটি চারতলা ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার দুপুর থেকে কলেজ কর্তৃপক্ষ ওই ভবনে পাঠদান বন্ধ করে দিয়েছে।এ ঘটনায় জেলা প্রশাসন গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন গাইবান্ধা এলজিইডি, গাইবান্ধা পৌরসভা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তদন্ত কমিটির কর্মকর্তারা গতকাল শুক্রবার ভবনটি পরিদর্শন করেছেন। দেবাশীষ চন্দ্র সাহা বলেন, ‘ফাটল দেখা দিলেও ভয়ের কোনো কারণ নেই।’ কলেজের অধ্যক্ষ রমজান আলী জানান, অন্য ভবনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য দুই দফায় পাঠদান চলবে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ১৯৯২ সালে কলেজ কর্তৃপক্ষ গাইবান্ধা পৌরসভার কাছ থেকে তিনতলা ভবন তৈরির অনুমোদন নেয়। কিন্তু তিনতলার স্থলে একটি চারতলা ভবন নির্মাণ করা হয়। সম্প্রতি কলেজের ওই চারতলা ভবনের দেয়াল ও ছাদের কয়েকটি অংশে ফাটল দেখা দেয়। এ নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গতকাল ওই ভবনে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে ৯ মের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া জেলার অন্যান্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভবন আছে কি না কমিটিকে সেসব বিষয় তদন্ত করতে বলা হয়েছে।