চারতলা হচ্ছে ২০৪ উপজেলা কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৪১৯ কোটি টাকার তিনটি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে একটি প্রকল্পের আওতায় ২০৪টি উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ করে চারতলা করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের চলতি অর্থবছরের ১৯তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বরাদ্দকৃত এক হাজার ৪১৯ কোটি টাকার পুরোটাই সরকারি কোষাগার থেকে মেটানো হবে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, ১৯৮২ সালের অনুমোদিত ডিজাইন অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ৪০ হাজার বর্গফুট অফিস স্পেস থাকার কথা থাকলেও অধিকাংশ উপজেলায় অফিস স্পেস অনুমোদিত ডিজাইনের চেয়ে অনেক কম। এর ফলে আশির দশকে নির্মিত অধিকাংশ উপজেলা কমপ্লেক্সে অফিসের স্থান সংকুলান করা দুরূহ হয়ে পড়েছে। এজন্য উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ করে একতলা হলরুমসহ চারতলা ভবন নির্মাণের জন্য ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি আজ একনেকে অনুমোদন দেওয়া হয়।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পে ২০৪টি উপজেলা ভবনের সম্প্রসারণের কাজ সম্পন্ন হবে। এসব ভবন নির্মাণে লিফটের ব্যবস্থা না রেখে প্রয়োজনে একোয়াস্টিক সিস্টেমে বৃষ্টির পানি সংরক্ষণ, সৌর প্যানেল, এমারজেন্সি এক্সিট ও অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হয়েছে। তবে, উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের কথা বিবেচনায় রেখে সেখানকার উপজেলা কমপ্লেক্সগুলো পাঁচতলা বিশিষ্ট হবে। এ প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে এপ্রিল ২০১১ থেকে জুন ২০১৭ পর্যন্ত।

আজকের একনেক সভায় ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্প (সংশোধিত)’ ও ‘শিরনীর টেক থেকে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (সংশোধিত)’ নামক দুটি প্রকল্পও পাস হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্পটি (সংশোধিত) সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। ১৩১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটির বাস্তবায়নকাল জানুয়ারি ২০১২ থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত। মূলত দরিদ্র ও অসহায় মহিলাদের দারিদ্র্য হ্রাস করে আর্থসামাজিকভাবে ক্ষমতায়ন করাই এই প্রকল্পের উদ্দেশ্য। এরই আওতায় প্রতি দরিদ্র নারীকে ১৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হবে। খুলনা ও বরিশাল বিভাগের ১৫টি জেলার ৫৯টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

৮৯ কোটি ব্যয়ে ‘শিরনীরটেক থেকে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (সংশোধিত)’ প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন। প্রকল্পটির বাস্তবায়নকাল জানুয়ারি ২০০৯ থেকে জুন ২০১৫ পর্যন্ত। টঙ্গী-উত্তরা-আশুলিয়া সড়কের সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ স্থাপন করে মিরপুরে শিরনীরটেক থেকে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে যানজট হ্রাস করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ বছর এ পর্যন্ত ১৭৯টি প্রকল্প একনেকে পাস হলো। এ প্রকল্পগুলোর প্রাক্কলিত মূল্য এক লাখ তিন হাজার ২২৬ কোটি টাকা। বাসস