চারতলার ছাদ থেকে প্রকাশ্যে ঝাঁপ, তরুণীর মৃত্যু
‘আমার সব শেষ! বাঁচতাম চাই না! সকলের সামনেই আমি মরমু (মরব)...!’ চারতলা বাসার ছাদের এক কোণে দাঁড়িয়ে এক তরুণী উচ্চ স্বরে এ কথাগুলো বলেন। এ সময় শত শত মানুষের জটলা বাঁধে। চিৎকার করে তরুণীকে লাফ দিতে নিষেধ করা হয়। কিন্তু কারও কথা শুনতে রাজি নন তিনি। সবুজ জামা আর লাল পাজামা পরা মেয়েটি মাথা ওড়না দিয়ে ঢেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেন।পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিয়ে এলাকাবাসী নিচে জাল পেতে রাখে। এভাবে প্রায় ১৫ মিনিট কেটে যাওয়ার পর বাসা থেকে দুজন ছাদে উঠে কাছাকাছি গিয়ে তরুণীকে ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে মেয়েটি দুই হাত উঁচু করে পেছনে হয়ে ঝাঁপ দেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তরুণীটি মৃত্যুর কোলে ঢলে পড়েন।গত সোমবার বিকেলে সিলেট নগরের পাঠানটুলার এ ব্লকে ১৩ নম্বর বাড়িতে (আনোয়ারা মঞ্জিল) এ ঘটনা ঘটে। নিহতের নাম মিনারা বেগম (২০)। আনোয়ারা মঞ্জিলে মঞ্জুরুল আলম চৌধুরীর বাসার গৃহকর্মী ছিলেন। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামের নাছির উদ্দিনের মেয়ে মিনারা ১০ বছর ধরে ওই বাসায় থাকতেন।এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা নিলেও পেছনে কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের জিমঞ্চায় দিয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এ প্রতিবেদককে জানান, তরুণী অন্তঃসত্ত্বা কিংবা ধর্ষিত কি না, ময়নাতদন্তে এ বিষয়গুলো বের করতে বলা হয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনেও এ বিষয়গুলো প্রশ্ন আকারে লিপিবদ্ধ করা হয়েছে।ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ এবং আশপাশ এলাকার পাঁচ শতাধিক মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিল। মিনারা ছাদে ১৫ থেকে ২০ মিনিট ছিলেন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ করা একজন তরুণ জানান, ওই সময় আশপাশের বাসার মানুষ বেলকনি দিয়ে তরুণীর দৃষ্টি আকর্ষণের ও ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেন। মুঠোফোনে ধারণ করা একাধিক স্থিরচিত্র দেখিয়ে ওই তরুণ প্রথম আলোকে বলেন, ‘মিনারা ছাদের কোনায় একটি জানালার কার্নিশে দাঁড়িয়ে ছিলেন। আনোয়ারা মঞ্জিল থেকে মঞ্জুরুল আলমের ছোট ভাই নুরুল আলম তাঁর কাছাকাছি যেতেই তাঁকে উদ্দেশ করে মিনারা কিছু কথা বলেন। কিছুক্ষণের মধ্যে মঞ্জুরুলকে ফিরে যেতে দেখা যায়। এ সময় ওড়না দিয়ে মাথা ও মুখ ঢেকে মিনারা পেছন ফেরা অবস্থায় ঝাঁপ দেন। নিচে গ্যারেজের মধ্যে পড়ে তাঁর শরীর থেঁতলে যায়। হাসপাতালে নেওয়ার পথে মিনারার মৃত্যু হয়।’ পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, আনোয়ারা মঞ্জিলের আশপাশের বাড়ির লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, মিনারা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার আগে তিনি উচ্চ স্বরে এসব কথাও বলেছেন। মর্গ থেকে বোনের লাশ গ্রহণ করে মিনারার বড় ভাই খলিলুর রহমান জানান, গৃহকর্মী হলেও তাঁর বোন অনেকটা পরিবারের সদস্যের মতো মঞ্জুরুল আলমের বাসায় থাকতেন। খলিলুর বলেন, ‘আমার বোন আত্মহত্যা করতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’গতকাল দুপুরে আনোয়ারা মঞ্জিলে গেলে জানানো হয়, মঞ্জুরুল আলম চৌধুরী বাসায় নেই। বাসার গৃহিণী পরিচয় দিয়ে মধ্য বয়স্ক নারী জানান, মিনারা তাঁদের বাসায় ১০ বছর গৃহকর্মী হিসেবে ছিলেন। ঘটনার আগে তাঁর পাঁচ বছর বয়সী এক নাতির সঙ্গে মিনারা ঝগড়া করেন। এ নিয়ে মিনারাকে বকুনি দিলে তিনি ক্ষোভে আত্মহত্যা করেন। মিনারা অন্তঃসত্ত্বা ছিলেন কি না জানতে চাইলে ওই গৃহিণী রাগের স্বরে বলেন, ‘মেয়েটির আসলে মাথা ঠিক আছিল না। পাগল অইগেছিল।’জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, এ ঘটনায় গতকাল পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে অন্তঃসত্ত্বার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।