বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এর নেতারা। জোটের পরবর্তী নাম দেওয়ার ভার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছেন জোটের নেতারা।এর আগে অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) ১১টি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন জোটে অন্তর্ভুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে চারদলীয় জোটের শরিকেরা জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে চারদলীয় জোটের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক হয়।বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোট সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। তবে আরও দু-একটি বৈঠকের পরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান বলেন, জোট সম্প্রসারণ ও এর নতুন নাম কী হবে, সেই সিদ্ধান্তের ভার বিএনপির চেয়ারপারসনের ওপর ছেড়ে দিয়েছি। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, চট্টগ্রামের রোডমার্চের আগে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে না।