চারদলীয় জোটে ভজকট
সমঝোতা না হওয়ায় চারদলীয় জোটের প্রধান শরিক দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী বিভিন্ন স্থানে পৃথকভাবে পৌর নির্বাচন করছে। এর মধ্যে ফরিদপুরের বোয়ালমারী, চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা রয়েছে। যেখানে দল দুটি মেয়র পদে নিজ নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর ও বোয়ালমারী: ফরিদপুরের অন্য দুটি পৌরসভায় দলীয় প্রার্থী না দিয়ে জামায়াত নিঃশর্তভাবে বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থন দিলেও বোয়ালমারীতে জামায়াতের মেয়র প্রার্থী ও বিএনপি প্রার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।জেলা জামায়াতের আমির দেলোয়ার হুসাইন বোয়ালমারীতে বিএনপি প্রার্থীকে প্রত্যাহার করে নিঃশর্তভাবে জামায়াতের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তবে জেলা বিএনপির সভাপতি জহুরুল হক জামায়াতের দাবি প্রসঙ্গে বলেন, ‘এ দাবি উত্থাপন করা মাত্রই নাকচ করে দেওয়া হয়েছে।’বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের মো. হাসানুজ্জামান মিয়া, জামায়াতের সৈয়দ নিয়ামুল হাসান, বিএনপির আ. শুকুর শেখ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মোতাহার হোসেন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক বলেন, গত মঙ্গলবার উপজেলা বিএনপির বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থী মোতাহার হোসেনকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির ইমারত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ মনোনয়ন জেলা জামায়াতের। আমরা গত উপজেলা নির্বাচনের সময় বিএনপির কাছে ভাইস চেয়ারম্যান পদটি চেয়েছিলাম। সে সময় উপজেলা বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল পৌরসভা নির্বাচনে আমাদের মেয়র প্রার্থীকে বিএনপি সমর্থন দেবে। নির্বাচনের আগে আমরা সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম। কিন্তু বিএনপি তাতে কর্ণপাত করেনি।’মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌর নির্বাচনে সমঝোতা না হওয়ায় বিএনপি-জামায়াত আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন করছে। মিরসরাই পৌরসভায় বিএনপি মনোনয়ন দেয় পৌর বিএনপির সভাপতি ফকির আহাম্মদকে। তবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ও পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আতিকুল ইসলামও নির্বাচন করছেন। বিএনপি যখন নিজের ঘর সামলাতে ব্যস্ত তখন সেখানে নতুন মাত্রা যোগ করতে প্রার্থী হয় জামায়াতের সমর্থক কামরুদ্দীন লতিফী। একইভাবে বারইয়ারহাট পৌর নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা বিএনপি মেয়র পদে মনোনয়ন দেয় বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈনুদ্দীন লিটনকে। এ ছাড়া সেখানে নির্বাচন করছেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য মো. জালাল উদ্দীন। এই দুজনকে যখন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে, তখন জামায়াতের উপজেলা নায়েবে আমির ফজলুল করিম সেখানে মেয়র প্রার্থী হন।মিরসরাই উপজেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম উত্তর জেলা মজলিশে সুরার সদস্য মো. নুরুল করিম জানান, জামায়াতের পক্ষ থেকে বারইয়ারহাট পৌরসভায় জোটগতভাবে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি নেতারা রাজি হননি। ফলে দুটি পৌরসভায় আলাদা নির্বাচন করতে হচ্ছে। মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন জানান, বিএনপি মনে করে এই নির্বাচনটি আন্দোলনের অংশ। তাই জামায়াতকে বলা হয়েছিল জোটগতভাবে নির্বাচন করার জন্য। কিন্তু তারা সমঝোতায় না আসায় আলাদাভাবে নির্বাচন করতে হচ্ছে।