চারদিক থেকে মাদক আসছে পাবনায়, যাচ্ছে সারাদেশে

দক্ষিণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত থেকে কুষ্টিয়া হয়ে আসছে ফেনসিডিল ও হেরোইন। পশ্চিমে রাজশাহীর বাঘা সীমান্ত থেকে নাটোরের লালপুর হয়ে আসছে ফেনসিডিল, হেরোইন ও মদ। পূর্বে নগরবাড়ী ও কাজিরহাটঘাট দিয়ে আসছে ইয়াবা। উত্তরে হিলি সীমান্ত থেকে দিনাজপুর ও লালমনিরহাট হয়ে আসছে গাঁজা। সড়ক, রেল ও নৌপথে সব দিক থেকেই পাবনাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে মাদক চোরাকারবারিরা। ফলে পাবনাসহ আশপাশের এলাকাগুলোতে মাদকের বিস্তৃতি বাড়ছে।
এসব পথে মাদক পরিবহনের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা সদর কার্যালয়ের পরিদর্শক শাহজালাল খান প্রথম আলোকে বলেন, ‘মাদক চোরাকারবারিরা প্রতিনিয়ত পথ ও কৌশল পরিবর্তন করে। তবুও প্রতিদিন পুলিশ, র্যাব ও আমাদের অভিযানে দু-চারজন গ্রেপ্তার হয়। তবে জামিনে ছাড়া পেয়ে আবার তারা ব্যবসা শুরু করে। ফলে বর্তমানে পাবনায় মাদক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ছয় মাসে পাঁচ শতাধিক অভিভাবক আমাদের কাছে এসে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।’
পুলিশ, বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এবং অনুসন্ধানে জানা গেছে, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত দিয়ে ফেনসিডিল ও হেরোইন আসছে কুষ্টিয়ার ভেড়ামারায়। সেখান থেকে পদ্মা নদী পার হয়ে পৌঁছে যাচ্ছে পাবনা সদরের কৃষ্ণপুর, ছাতিয়ানি, আটুয়া, মন্দিরপুর, সাধুপাড়াসহ বেশ কয়েকটি এলাকায়। অনেক সময় পথ পরিবর্তন করে চোরাকারবারিরা কুষ্টিয়ার বারমাইল এলাকা দিয়ে পদ্মা পার হয়ে ঈশ্বরদীতে ফেনসিডিল ও হেরোইন আনছে। বাঘা সীমান্ত দিয়ে ফেনসিডিল, হেরোইন ও ভারতীয় মদ আসছে নাটোরের লালপুরে। সেখান থেকে ঈশ্বরদী বিমানবন্দর সড়ক দিয়ে ঢুকছে উপজেলার মাঝদিয়া, লোকোশেড, গোকুলনগর, পাকশী, দাশুড়িয়া, আমবাগান, ব্লাকপাড়া ও পুরাতন রেলস্টেশনসহ বেশ কয়েকটি এলাকায়। একই পথে চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী হয়ে নাটোরের লালপুর দিয়ে ঈশ্বরদীতে আসছে হেরোইন। ঈশ্বরদী-লালপুর সড়ক থেকে কলশনগর-গোপালপুর সড়ক দিয়ে তা যাচ্ছে মুলাডুলি রেলস্টেশন ও মাঝগ্রাম রেলস্টেশনে। এই দুটি স্টেশন থেকে রেলযোগে বঙ্গবন্ধু সেতু দিয়ে ফেনসিডিল, গাঁজা ও হেরোইন যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। হিলি সীমান্ত দিয়ে বাসে করে গাঁজা নিয়ে আসা হয় ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে। পরে তা বণ্টন হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। কক্সবাজার ও টেকনাফের ইয়াবা আসছে পাবনায়। বেড়ার কাজিরহাট লঞ্চঘাট এবং নগরবাড়ীঘাট হয়ে পাবনা দিয়ে ইয়াবা নেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। গত বৃহস্পতিবার দিনভর ঈশ্বরদী-লালপুর সড়কের (এয়ারপোর্ট সড়ক) মাঝদিয়ার, পুরাতন মাঝদিয়ার, ঈশ্বরদী রেলস্টেশন, ব্লাকপাড়া ও লোকোশেড গ্রামে সরেজমিনে দেখা যায়, দিনের প্রায় সব সময়ই মোটরসাইকেল নিয়ে অনেক মাদকসেবী গ্রামে ঢুকছে। তারা কোনো বাড়ির সামনে দাঁড়ালেই ওই বাড়ির নারীরা এগিয়ে আসছেন। মাদকসেবী বলছে, ‘খালা পানি খাব।’ ভেতরে ঢুকলেই তাদের গ্লাসভর্তি ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আলম খান বলেন, এয়ারপোর্ট সড়কের দুই পাশের গ্রামগুলোর সীমানা নিয়ে জটিলতা রয়েছে। একই গ্রামের কিছু অংশ নাটোর জেলায়, কিছু অংশ পাবনায়। ফলে অভিযান চালালেই ওরা স্থান পরিবর্তন করে ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়।
তবে কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা পুলিশসহ বিভিন্ন দপ্তরে মাসোহারা দিয়ে ব্যবসা করে। তবে নিয়মিত মাসোহারা না দিলে অনেকে গ্রেপ্তার হয়। এ প্রসঙ্গে ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহনূর আলম পাটোয়ারী বলেন, ‘এমনটি হওয়ার কথা নয়। তবু বিষয়টি খতিয়ে দেখব। পুলিশের কোনো সদস্য মাসোহারা নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’