চারদিকে পানি, তবু হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হচ্ছে। কিন্তু পারুল মণ্ডলদের খাওয়ার পানির জন্য জীবন ওষ্ঠাগত। কাঠফাটা দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফুলতলা গ্রামের গৌরপদ মণ্ডলের পুকুর থেকে কর্দমাক্ত পানি নিতে আসা পারুল মণ্ডল (৫৫) বলছিলেন, ‘জীবন তো বাঁচাতি হবি, কাঁদা হলিও বাধ্য হুয়ে খাবার জন্যি নিতি হচ্ছে এই পুকুরির পানি।’চারদিকে পানি আর পানি অথচ খাওয়ার ও ব্যবহারের উপযোগী নেই বললেই চলে শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। পানির জন্য ৮-১০ কিলোমিটার দূরেও যেতে হচ্ছে মানুষকে। ইতিমধ্যে সরকারি ব্যবস্থাপনায় খননকৃত শতাধিক পুকুর শুকিয়ে যাওয়ায় এবং অধিকাংশ নলকূপের পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় খাওয়ার পানির জন্য শুরু হয়েছে হাহাকার। গোসল আর রান্নার কাজে ব্যবহার করা করা হচ্ছে লবণাক্ত অপরিষ্কার পানি।স্থানীয় সূত্রে জানা যায়, একসময় খাওয়ার পানি সংরক্ষণের জন্য সরকারিভাবে অনেক পুকুর খনন করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে পুকুরে সংরক্ষণ করা হতো খাওয়ার ও ব্যবহারের পানি। বর্তমানে আশাশুনি ও শ্যামনগর উপজেলার অধিকাংশ পুকুর মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়েছে। আবার যে কয়েকটি ইজারা দেওয়া হয়নি, সেগুলো সংরক্ষণ না করায় বাড়ছে সংকট।শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আশপাশের কোথাও ব্যবহারের ও খাওয়ার উপযোগী পানি না থাকায় অনেকেই কলস ভরে পুকুরের কর্দমাক্ত পানি নিয়ে বাড়ি ফিরছে। আবার কেউ কেউ নিয়ে ফিরছে পুকুরের লবণাক্ত পানি। উপজেলার ধানখালী গ্রামের পবিত্র মণ্ডলের স্ত্রী দিপালী মণ্ডল (৩৪) জানান, ফুলতলা গ্রামের একটি পিএসএফ (পুকুরের পানি ফিল্টার ও বালুর মাধ্যমে খাওয়ার উপযোগী করা) থেকে এক কলস খাওয়ার পানির জন্য দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। প্রায় সাত কিলোমিটার দূরের আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে সাইকলেযোগে ফুলতলা গ্রামের পিএসএফ থেকে পানি নিতে আসা নিমাইচন্দ্র চৌকিদার (৪৩) জানান, দিনমজুরের কাজ করে জীবিকা চলে। সপ্তাহে দুই দিন খাওয়ার জল নিতে আসতে হয়। এই দুই দিন কাজ বন্ধ রাখতে হয়।নিজেদের গ্রামে নলকূপের পানি লবণাক্ত হওয়ায় এবং পুকুরে পানি না থাকায় তাদের প্রতিদিন একবেলা সময় ব্যয় হয় পাশের ফুলতলা থেকে পানি সংগ্রহ করতে উল্লেখ করে ধানখালী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী যমুনা হালদার (১৪) জানায়, পরিবারের জন্য জল নিতে আসায় তার মতো অনেকের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। পানখালী গ্রামের অনিমা মণ্ডল, নূরজাহান বেগম, মুন্সীগঞ্জ বাঘবিধবাপল্লির সোনামণি (৫৫) জানান, দিনমজুরের কাজ করে প্রতিদিন ৬০ টাকা আয় হলেও প্রয়োজনীয় চার কলস পানি আনতে খরচ হয়ে যায় ২০ টাকা। একই অবস্থা আশাশুনি উপজেলার খাজরা, শ্রীউল্যা, কুল্যা, বুধহাটা, কাদাকাটি এলাকার। মাত্রারিক্ত লবণাক্ততা ও আর্সেনিকের কারণে এসব জনপদের খাওয়ার পানির প্রধান উৎস বৃষ্টি ও পুকুর। কিন্তু আইলার পর সব পুকুরের পানি লবণাক্ত হয়ে যাওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী দেলোয়ার হায়দার জানান, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় জেলা পরিষদের ৫৮টি পুকুরের মধ্যে ১১টি খাওয়ার পানির জন্য রাখা রয়েছে। কিন্তু এলাকার মানুষ সেগুলো সংরক্ষণ না করায় এবং আইলার পর লবণাক্ততা বেড়ে যাওয়ায় অধিকাংশ পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে ইজারা দেওয়া পুকুরের মেয়াদ আর বাড়ানো হবে না, খাওয়ার পানির জন্য সংরক্ষণ করা হবে।জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীম আহমেদ জানান, শ্যামনগর ও আশাশুনির অধিকাংশ স্থানে গভীর নলকূপ সফল না হওয়ায় পিএসএফের মাধ্যমে পুকুরের পানি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টি না হওয়ায় অধিকাংশ পুকুর শুকিয়ে পিএসএফ অচল হয়ে পড়েছে। আবার আইলার কারণে পুকুরগুলোর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলীকে পানি সরবরাহের জন্য অর্থ বরাদ্দ চেয়ে চিঠি লেখা হয়েছে প্রায় দুই মাস আগে। কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি।