চারদিকে পানি, তবু খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাশয়-পুকুরে উপচে পড়া পানি। নলকূপও আছে। পানিও উঠছে। কিন্তু তবু খাওয়ার পানির সংকট। কারণ এই পানি লবণাক্ত, পানযোগ্য না। আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরে এখন খাওয়ার পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। বাসিন্দাদের খাওয়ার পানি সংগ্রহে যেতে হচ্ছে দেড় থেকে দুই কিলোমিটার দূরে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের বার আউলিয়া, ধলঘাট, গলাকাটা ঘাট ও পূর্ব গহিরা এলাকার পাঁচ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এসব এলাকার পুকুর ও জলাশয় লোনা পানিতে ভরে আছে। গ্রামগুলোতে নলকূপেও মিঠা পানি উঠছে না।

এ ছাড়া রায়পুরের উত্তর পরুয়াপাড়া, দক্ষিণ পরুয়াপাড়া, চুন্নাপাড়া গ্রামেও নলকূপে লোনা পানি ওঠায় স্থানীয় বাসিন্দাদের কষ্ট পেতে হ্চ্ছে।

স্থানীয় লোকজন জানান, রায়পুরে মিঠা পানির স্তর অনেক গভীরে। সেখানে আট থেকে ১০ হাজার টাকা ব্যয় করে ২০০ ফুট নিচে গেলেও খাওয়ার উপযুক্ত পানি পাওয়া যায় না। তাই অনেককে মিঠা পানির জন্য এক থেকে দুই কিলোমিটার দূরে যেতে হয়।

বার আউলিয়া এলাকার নুরুল ইসলাম (৪০) বলেন, ‘অ-বাজি গোসল হত্তে গজ্জি মনত্ নাই, চারি মিক্কাদ্দি নুনা পানি। গার চামড়ান চুলি গেইগই। মন ভরি পানিও হাইত ন-পারির, নুন আর নুন।’ (গোসল কখন করেছি মনে নেই, চারদিকে লবণ পানি, শরীরে চামড়া ওঠে যাচ্ছে, ইচ্ছেমতো পানি পান করতে ও পারছি না, লবণ আর লবণ)।

রায়পুরের ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইছমাইল বলেন, আমাদের ইউনিয়নের একেবারে দক্ষিণ ও পূর্ব প্রান্তে খাওয়ার পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়িবাঁধ ভাঙা থাকায় এবং গভীর নলকূপ বসানোর খরচ বেশি হওয়ায় এ সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুধীর সিংহ বড়ুয়া জানান, রায়পুরে প্রয়োজন মতো গভীর নলকূপ নেই। আমরা চাচ্ছি রায়পুরে আরও বেশি গভীর নলকূপ বরাদ্দ দিতে। এজন্য জরিপ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, রায়পুরের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়ে গেলে বাড়ির পুকুর জলাশয়ে লোনা পানি প্রবেশ করবে না। এতে সংকট অনেকাংশে কেটে যাবে। বাঁধ সংস্কারের বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ আসেনি।