‘পানি খালি বাড়তাইছে। পোলাপান নিয়া কনে যামু। কী করুম, বুঝবার পারতাছি না।’ গত মঙ্গলবার কলার ভেলায় বসে কথাগুলো বলছিলেন ব্রহ্মপুত্র নদের অববাহিকার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা চরের সজেদা বেগম (৩৭)। ভেলা চালাচ্ছিল শিশুসন্তান মাইদুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘স্বামী আরমান আলী ঢাকায় দিনমজুরি করে। বন্যার আগে বাড়ি থাইকা গ্যাছে এখন আহে নাই। দুই সন্তানকে নিয়া আমি পইরা আছি। বাড়িতে একবুক পানি। ঘরের ভেতরে মাচা কইরা থাকি। হাত খালি। ধারদেনা কইরা চলতাছিলাম। বানের সময় হগলের বিপদ। কেডা টেকা হাওলাদ দিব। বাধ্য হইয়া মাইয়াটারে বাপেরবাড়িতে থুইয়া আসছি। আমি ছেইলা মাইদুলরে নিয়া পানির মধ্যে থাকি। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাইনি।’
প্রতিবেশী কুলসুম বেগমের (৪০) স্বামী আবদুল হান্নান ঢাকায় রিকশা চালান। তিনি বলেন, ‘পানির মধ্যে খুব কষ্টে আছি ভাই। চারটা পোলাপান লইয়া আছি। হেয় এক মাস আগে গেছে। হাতে যা আছি শেষ। অহন ধার করজ কইরা চলতাইছি। হেয়ও আইতাছে না। ইলিফপো পাইতাছি না। কেমন বিপদে আছি বলেন। ঘরে পানি।’
ইউপি সদস্য মহু বাদশা বলেন, ‘আমার ৬ নম্বর ওয়ার্ডের মানুষ শহরে গিয়া রিকশা চালায়, কামলা দেয়, মিস্ত্রি, সিরাজগঞ্জে তাতের কাম করে। ৪০ থেকে ৫০ জন দিনমজুর ও রিকশাচালক বাড়িতে নাই। পরিবার গুইলা বন্যার মধ্যে বিপদে আছে। কী কমু ভাই, আমার বাড়িঘরে পানি, চকি উঁচু করে আছি।’
এলাকাটি ব্রহ্মপুত্র ও ধরলা নদ-নদীর মোহনাসংলগ্ন। গতকাল সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ঘাট থেকে নৌকায় ওই এলাকায় যাওয়ার পথে দেখা যায় যতদূর চোখ যায় পানি আর পানি। চরগুলো ডুবে আছে। প্রতিটি বাড়িতে পানি। লোকজন নৌকা ও কলার ভেলায় করে চলাচল করছে। মোগলবাসা বাজারের পাশে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড স্থানীয় মানুষকে নিয়ে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানান, ভাঙন রোধ করা না গেলে বাজার, স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন হুমকির মুখে পড়বে। নদীর পূর্ব পাশে মাঝের চর আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক পানির নিচে। পাঠদান ওচিকিৎসা বন্ধ।
ব্রহ্মপুত্র ও ধরলা দুই নদ-নদীর মোহনার কাছাকাছি যেতে চোখে পড়ে ভারতের আসাম রাজ্যের গারো পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হবে বন্যার পানি বা নদের পানি পাহাড়ের গায়ে গিয়ে ঠেকেছে। ইতিমধ্যে কিছু পরিবার গবাদিপশু নিয়ে ফকিরের চর আবাসনে চলে এসেছে। এখানেও পানি উঠছে। আবদুল মালেক নামের একজন বলেন, ‘দিনে বাড়ি পাহারা দিই, রাইতে এইহানে আইসা থাহি। আবাসনের পাশ দিয়ে ধরলা নদী এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে।’
অপর পারে উত্তর বালা ডোবার চর। চরের পূর্ব পাশ দিয়ে ব্রহ্মপুত্রের প্রবল স্রোত বয়ে যাচ্ছে। মেঘলা আকাশ ও বাতাসে নদের ঢেউ আছড়ে পড়ছে বাড়িগুলোর ওপর। নৌকার শব্দ পেয়ে আশপাশের লোকজন ত্রাণের আশায় নৌকা নিয়ে ছুটে আসে। নৌকা থেকে বৃদ্ধ পাষান আলী ওআবুল কাসেম বলেন,‘আমরা নদী ভাঙা পাঁচটি পরিবার দুই মাস আগে মাটি উঁচু করে এখানে বসবাস করছি। নদের স্রোত¯ও ঢেউ লাইগা মাটি ধসে যাচ্ছে। যেকোনো সময় ঘর ভাসায় নিয়া যাবে। পরিবারের অর্ধেক সদস্যকে মোল্লার হাটে একটা সড়কে রাখছি। এখানে চার শতাধিক বাড়িতে বুকসমান পানি উঠেছে। লোকজন ঘরের ভেতর মাচা করে আছে।’
উত্তর বালা ডোবার চরের হানিফ উদ্দিন বলেন, ‘মানুষের পাশাপাশি গরু-বাছুর, হাঁস-মুরগি, ছাগল-ভেড়া নিয়া চরের মানুষ বিপদে পড়ছে। নিজেরা থাকতে পারি না, অগরে কোথায় রাখি। কী খাবার দিই। ঘাস তো ডুইবা গেছে।’
উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের বিন্দুর চর ঘুরে দেখা যায়, সব জায়গায় পানি আর পানি। বিন্দুর চরে ফ্রেন্ডশিপ হাসপাতাল চরের মানুষদের চিকিৎসাসেবা দিচ্ছে। লোকজন নৌকা ও কলার ভেলায় করে এসে চিকিৎসা নিচ্ছে।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন মাস্টার বলেন, ‘আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই পানি উঠেছে। প্রতিটি বাড়িতে পানি। ৯০ ভাগ গরিব মানুষ। অধিকাংশ ওয়ার্ড ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী চরে পড়েছে। পরিবারের সংখ্যা ৪ হাজার ২৫০টি। ত্রাণ পেয়েছে মাত্র ৬০০ জন।’