চারদেশীয় গ্যাস সংযোগ লাইন প্রকল্পে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। গ্যাস বেচাকেনার জন্য ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে এই পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এতে অর্থায়ন করবে।কাতারের ইংরেজি দৈনিক গালফ টাইমস -এ গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তান গত সপ্তাহে তুর্কমেনিস্তানের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এডিবির একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ সম্প্রতি এই চারদেশীয় গ্যাস সংযোগ লাইন প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে এডিবির কাছে চিঠি লিখেছে। তবে ওই কর্মকর্তা জানান, এই প্রকল্পে বাংলাদেশের সংযুক্ত হওয়ার বিষয়টি আলোচনার মধ্যে নেই। কারণ, তুর্কমেনিস্তানে পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে।বাংলাদেশ কী পরিমাণ গ্যাস রপ্তানি করতে চায়—এমন প্রশ্নের জবাবে এডিবির ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ খুব কম পরিমাণ গ্যাস রপ্তানি করতে চায়। তিনি জানান, প্রাথমিকভাবে চার দেশের মধ্যেই গ্যাস সংযোগ লাইন হবে। বাংলাদেশ পরে এ প্রকল্পে যোগ দিতে পারে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এই প্রকল্পের জন্য ৭৬০ কোটি ডলারেরও বেশি ব্যয় ধরা হয়েছে। স্পন্সর খোঁজা হচ্ছে।