চারপাশে আলো নয়াপাড়া আঁধারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত নামলেই পাশের মহল্লার বাড়িগুলো থেকে আলো এসে পড়ে নয়াপাড়া মহল্লায়। হতাশা বাড়ে ওই মহল্লার প্রায় ৪০০ মানুষের। কারণ স্বাধীনতার চার দশক পর এখনো বিদ্যুৎ আসেনি বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ নয়াপাড়া মহল্লায়।
নয়াপাড়া মহল্লার বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে-পরে নানা দলের নেতা-কর্মীরা আসেন, অচিরেই বিদ্যুৎ পাইয়ে দিতে আশ্বাস-প্রতিশ্রুতির বন্যা বয়। বাসিন্দারা দল বেঁধে ভোট দিয়ে আসেন। কিন্তু হাল পাল্টায় না। তবে বিদ্যুৎ না আসায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মহল্লার ছাত্রছাত্রীরা। সন্ধ্যা নামলেই তাদের পড়াশোনা করতে পাশের মহল্লায় আত্মীয়ের বাড়িতে যেতে হচ্ছে।
ওই মহল্লার সাত-আটজন বলেন, এই মহল্লার বেশির ভাগ মানুষই পেশায় শ্রমিক। কেউ কেউ কৃষিকাজ করেন। তাঁদের নয়াপাড়া পৌরসভায় উন্নীত হওয়ার পর আশা করেছিলেন যেহেতু তাঁরা এখন শহরের বাসিন্দা তাই বিদ্যুৎ এবার পাবেনই। কিন্তু পৌরসভা গঠনের এক যুগ পেরিয়ে গেলেও বিদ্যুতের আলো তাঁদের ভাগ্যে আর জুটল না। তাঁদের অভিযোগ, আশপাশের সব মহল্লায় বিদ্যুৎ এলেও নয়াপাড়ায় আসেনি। এমনকি বারবার এখানে-ওখানে আবেদন করেও প্রতিকার মেলেনি। তাই অন্ধকার নামলে আজও বাসিন্দাদের ভরসা কুপিবাতি বা হারিকেন।
মহল্লার আবু বক্কর সিদ্দিক (৪৫) বলেন, ‘এমনিতেই সারা দিন মাঠে বা অন্য কোথাও কাজ করি। তারপর বাড়ি ফিরে যে একটু টিভি দেখব তাও হয়ে ওঠে না। পৌর এলাকার বাসিন্দা হয়েও রাত নামলেই অন্ধকারে বসবাস করতে হয়।’ প্রায় একই ধরনের কথা বলেন সাজাহান আলীসহ চার-পাঁচজন।
মহল্লার নবম শ্রেণির ছাত্রী রুপা আক্তার বলে, বিদ্যুৎ না থাকায় তাকে পড়াশোনার জন্য সন্ধ্যা হলেই পাশের মহল্লায় মামার বাড়িতে যেতে হয়। সপ্তম শ্রেণির ছাত্র সেলিম আহমেদ বলে, ‘রাতে কুপির আলোয় বেশিক্ষণ পড়তে পারি না। চোখে ভালো দেখা যায় না। তাই পাশের মহল্লায় যেতে হয়। বিদ্যুৎ এলে সুবিধা হতো।’
স্থানীয় কাউন্সিলর ইয়াকুব হোসেন বলেন, ‘গ্রামে পানির কোনো সমস্যা নেই। রাস্তাঘাটও মন্দ নয়। কিন্তু বিদ্যুৎ না থাকাটাই বড় সমস্যা। সন্ধ্যার পরে তাই বাড়িতেই বন্ধ হয়ে পড়েন মহল্লার বাসিন্দারা। বিষয়টি জানিয়ে বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি।’
শিবগঞ্জ পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, ‘ওই মহল্লায় বিদ্যুৎ-সংযোগের জন্য আমি একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে নতুন সংযোগ না দেওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। আশা করি দ্রুত এ সমস্যা মিটে যাবে।’