চারপাশে শুধু গোঙানি-আহাজারি-ধিক্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমা বেগমের আর্তচিৎকারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বাতাস যেন ভারী হয়ে আসছিল। পেট্রলবোমার আগুনে তাঁর একমাত্র ছেলের শুধু শরীরই যেন দগ্ধ হয়নি; পেট্রলের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে রহিমার সব স্বপ্ন।
রহিমা বেগমের দুই মেয়ে, মাত্র একটি ছেলে। অনেক কষ্টে ছেলে আল-আমিন হোসেন অভ্রকে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়েছেন। যাত্রাবাড়ীতে একটি মেসে থাকতেন অভ্র। ১০ দিন আগে প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি।
রহিমার আহাজারি ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভ্র একটি পোশাক কারখানায় রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য বাসা থেকে বেরিয়েছিলেন। পথে বাসের মধ্যে দগ্ধ হন তিনি।
রহিমা হাউমাউ করে বলছিলেন, তিনি বারবার ছেলেকে রাতে কাজ করতে নিষেধ করেছিলেন। জবাবে অভ্র বলেছিলেন, এক দিন কাজ না করলেই বেতন থেকে ৫০০ টাকা কাটা যাবে। অভ্র মাকে আশ্বাস দিয়েছিলেন, বেতন বাড়লে আর নাইট ডিউটি করবেন না। এখন ডিউটি বন্ধ করলে ছোট বোনের পড়াশোনা, মায়ের চোখের চিকিৎসা কীভাবে হবে? পরিবারের সে-ই একমাত্র উপার্জনক্ষম। মাত্র ১০ দিন আগে অভ্র প্রথম সন্তানের বাবা হন। তখন স্ত্রীর অস্ত্রোপচারেও লেগেছে অনেক টাকা।
শুধু রহিমা বেগম নন, শুক্রবার রাতে বাসে সর্বশেষ দগ্ধ হয়ে ভর্তি হওয়া ২৮ জন রোগীর চিৎকার, তাঁদের স্বজনদের আহাজারি থামানোর কেউ নেই। কে কাকে থামাবে? সবার অবস্থা তো একই রকম। ছেলে, স্বামী, বাবা বা অন্য আপনজনের যন্ত্রণা দেখে কেউ স্বাভাবিক থাকতে পারছেন না। গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বজনেরা ক্ষোভে ফেটে পড়ছেন।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায় এ দৃশ্য। নার্স ও চিকিৎসকেরা রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছেন।

দর্শনার্থীর ভিড়ে ব্যাহত চিকিৎসা
ফিজিওথেরাপি বিভাগের করিডোর, অবজারভেশন ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় রোগীদের রাখতে হয়েছে। গুরুতর রোগীদের একটু ভালো জায়গায় স্থানান্তরের জন্য আলাদা করতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীসহ ভিআইপি ব্যক্তিদের হাসপাতাল পরিদর্শনের কারণেও চিকিৎসা ব্যাহত হচ্ছিল।
বার্ন ইউনিটের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে যাত্রাবাড়ীতে বাসে দগ্ধ হন ২৯ জন। বার্ন ইউনিটে আনার পর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ২৮ জনই ভর্তি হন হাসপাতালে। এদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসকেরা এখন পর্যন্ত কাউকেই আশঙ্কামুক্ত বলছেন না। হরতাল অবরোধে গত ২৮ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন মোট ৭৮ জন। আজ ভর্তি ছিলেন ৫২ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন (একজন আনার পথে)। আজকে সব মিলে বার্ন ইউনিটে প্রায় ৫০০ জন রোগী ভর্তি ছিল।
আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমানও অন্যদের সঙ্গে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। প্রতি রোগীর স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে তালিকা করছিলেন চিকিৎসক ও নার্সরা। গুরুতর রোগীদের আলাদা করছিলেন করিডোর থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার জন্য। এ সময় রোগীদের সঙ্গে বেশ কয়েকজন করে স্বজন ছিলেন। একজনের বেশি যাতে কেউ রোগীর সঙ্গে না থাকেন সে আহ্বান জানাতে থাকেন। স্বজনদের আশ্বাস দিয়ে বলতে থাকেন, ‘সমস্যা নাই, একটু বের হয়ে যান। আমরা আছি। নাশতাও আমরাই দেব। ’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের কর্মীসহ দর্শনার্থীদের ভিড় না করার আহ্বান জানান। পরে দর্শনার্থীদের ভিড় কিছুটা কমে আসে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দর্শনার্থী হিসেবে কেউ আসবেন না। ’ রোগীর একান্ত আপনজনদের শুধু সুযোগ দেওয়া হবে। গণমাধ্যমের কর্মীদের হাসপাতাল থেকে প্রতিদিন ব্রিফ করা হবে। দয়া করে আর ভেতরে ঢুকবেন না। ’
দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপ করায় রোগীর স্বজনেরা বিপাকেও পড়েন। কেউ হয়তো ওষুধ আনতে বাইরে গিয়েছিলেন তিনি আর ভেতরে ঢুকতে পারছিলেন না। এ ছাড়া একেকজনের অবস্থা এত খারাপ যে সেই রোগীকে একা সামলানোও অনেকের পক্ষে সম্ভব হচ্ছিল না।
রোগীদের যন্ত্রণা, হাহাকার: ইয়াসিন আরাফাত ও সাইয়্যেদা ফাতিমা স্বামী-স্ত্রী। তাঁরা দুজনই পেশায় ফার্মাসিস্ট। দুজনই একসঙ্গে দগ্ধ হয়েছেন। এক বছর চার মাস বয়সী একমাত্র সন্তান ফাতিমার মায়ের কাছে মাতুয়াইলে থাকায় সে বেঁচে গেছে। স্বামী-স্ত্রী মাতুয়াইলে যাচ্ছিলেন। বাসা থেকে একটু দূরেই ঘটনাটি ঘটে।
জয়নাল আবেদিন নিউমার্কেটের থ্রি পিসের ব্যবসায়ী। ছোট একটি দোকান আছে তাঁর। বাড়ি ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে আর গরম ভাত খেতে পারেননি। তাঁর এক ছেলে এক মেয়ে। ছোট ছেলের বয়স মাত্র দুই বছর।
জয়নাল আবেদিনের স্ত্রী রেশমা প্রথম আলোকে বলেন, ‘রাত নয়টা ২০ মিনিটে ফোন করে বলে “আমি আসতাছি। বেশিক্ষণ লাগবে না। ” ও ফিরলে গরম গরম ভাত খাব। তাই তখন ভাত বসাই। তার কিছুক্ষণ পর নিজেই ফোন করে বলে তাঁর শরীরে নাকি আগুন লাগছে। এইটা আমি কল্পনাও করি নাই। ’
আবুল হোসেন কাঁচপুরে একটি সুয়েটার কারখানায় কাজ করতেন। অনেক দিন কাজ ছিল না। নতুন একটি কাজ সম্পর্কে খোঁজ নিতেই তিনি ঢাকায় এসেছিলেন। কথাবার্তা বলে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর একমাত্র ছেলের বয়স মাত্র সাত বছর।
আবুল হোসেনের স্ত্রী রিনা বলেন, ‘ফোন করে জানাল, একটু পরেই রওনা দেবে। তারপর অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। সেই লোকই খবর দেন। আমরা গরিব হইয়্যা দুনিয়াই আসছি। এইটাই কি আমাদের অপরাধ হইল। ’
শাহজাহান রাজধানীতে রিকশা চালান। তাঁর দুই ছেলে, তিন মেয়ে। ভায়রার ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন তিনি। যে ছেলের জন্য মেয়ে দেখা হবে, সেই ছেলে, তাঁর বাবাসহ বাসে শাহজাহান মিয়ারা ছিলেন পাঁচজন। এদের মধ্যে তিনজনই আহত হয়েছেন। শাহজাহান বলেন, ‘খালি ধুমা আর ধুমা। তারপর ফত কইরা আগুন জ্বইল্যা উঠল। জানালায় লাথি দিয়া বাইর হই। আমার তো হাত-পায়ের উপর দিয়া গেছে, কিন্তু অনেকের চেহারা দেখনের মতো ছিল না। ’
গুলিস্তানে ফুটপাতে পুরান কাপড় বিক্রির কাজ করে বিল্লাল রোজ পেতেন ৪০০ টাকা। সেই টাকা নিয়েই ফিরছিলেন তিনি। সেই তিনিও এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন। বিল্লালের মহাজন মিজান বলেন,

‘এমনিতেই বেচাকেনা কইম্যা গেছে। এখন ওর যে অবস্থা, ওর পরিবার যে কেমনে চলব তাই বুঝতে পারতেছি না। ’
তানভীরের বৃদ্ধা নানী রাবেয়া বার্ন ইউনিটের ফিজিওথেরাপি বিভাগের ফটকে দাঁড়িয়ে ফোনে অন্যদের খবর জানাচ্ছিলেন।
রাবেয়া বলেন, ‘আমার নাতি পড়ত, আবার চাকরিও করত। বিএ ভর্তি হইব। কাগজপত্র লইয়্যা বাইর হয়। আর একটু হইলেই আমার নাতি বাড়ি পৌঁছাইয়া যাইত। মাত্র ১০ মিনিটের লাইগ্যা আমার নাতি পুইড়া গেল। ’
১০ বা ১১ বছর বয়সের হাসিবুল ইসলাম মাদ্রাসায় পড়ে। তার বাবা হারিছ মিয়া বাসে দগ্ধ হয়েছেন। হাসিবই বড়। তারা দুই ভাই, এক বোন। তার বাবা রূপগঞ্জ থেকে বসুন্ধরা মার্কেটে জামদানি শাড়ি দিয়ে যেতেন। শাড়ি জমা দিয়ে ফেরার পথেই তিনি দগ্ধ হন। হাসিবের মুখে একটু ক্ষীণ হাসি। বার্ন ইউনিটে আসা অন্য রোগীদের তুলনায় তার বাবা খানিকটা ভালো আছেন।
মোশাররফ হোসেন রাজধানীর এলিফ্যান্ট রোডে নিউ শপিং সেন্টারে কাজ করেন। তিনি রূপগঞ্জে বাড়ি যাচ্ছিলেন। দুই ছেলে এক মেয়ে। সবাই ছোট। মোশাররফ হোসেন বলেন, ‘প্রতিদিন বাইর হওয়ার সময় দোয়া দরুদ পড়ি। আল্লাহর ওপর ভরসা করে চলতাম। সেদিন রাতে হঠাৎ দেখি খালি আগুন। তার আগে শুধু আওয়াজ শুনি। ’
হৃদয় অনার্সে ভর্তি হবেন। পড়াশোনার পাশাপাশি পুরানা পল্টনে পার্টটাইম কাজ করতেন। হৃদয় ও নাজমুল দুই বন্ধু ভুলতা, গাউছিয়ায় বাড়ি ফিরছিলেন। দুই বন্ধুই দগ্ধ হয়েছেন। জানালা দিয়ে লাফ দিয়ে তাঁরা প্রাণে বেঁচেছেন।
হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকে ভাবতাম, টেলিভিশনে যদি আমার ছবি দেখাইত। পত্রিকায় যদি আমার নাম আসত। তবে এ অবস্থায় খবর হব, তা ভাবিনি। এ ধরনের বাস্তবতা যেন আর কারও না হয়। ’ হৃদয়ের পাশে বসে ছিলেন মা রাহেলা। ছেলে যন্ত্রণায় যতটা না কষ্ট পাচ্ছে তার চেয়েও যেন এই মা বেশি কষ্ট পাচ্ছিলেন।
ওসমান গণি নাভানা ফার্মাসিউটিক্যালসে অপারেটর হিসেবে কাজ করতেন। পুরো মুখ, হাত দগ্ধ হয়ে বীভৎস হয়ে গেছে চেহারা। ফার্মাসিউটিক্যালসের এজিএম ডি পি মল্লিক হাসপাতালে গণিকে দেখতে এসেছেন। তিনি জানালেন, কোম্পানি থেকে যথাসম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
রোগীর স্বজনের ক্ষোভ: জহিরুল ইসলাম ইশতিয়াক মো. বাবুর বড় ভাই। কথা বলতে গেলেই খেপে গেলেন জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের ছেলে-মেয়েরা দেশে থাকে না। এমপিরা পুলিশি নিরাপত্তা নিয়ে চলাফেরা করেন। শুধু আমরা সাধারণ জনগণই থাকি বিপদের মধ্যে। ’
ইশতিয়াক সুপার টেক্সটাইলে অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন।
এক রোগীর একজন স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেকোনো কৌশলে দুই নেত্রীকে একত্রিত করেন। তা না হলে দেশকে দুই ভাগ করে দুই নেত্রীকে দিয়ে দেওয়া হোক। সমঝোতা তো আর হবে না। মারামারি, কাটাকাটি যা-ই হোক, তা হচ্ছে সাধারণ জনগণের। ’ অনেকে দেশের পরিস্থিতি, রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা ও ক্ষোভ প্রকাশ করতে ভয় পাচ্ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রীর রাজনৈতিক বক্তব্য: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বার্ন ইউনিটে নতুন রোগীদের দেখতে আসেন। ফেরার সময় তিনি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এইটুকু বলতে চাই, যিনি নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করতেন তিনি সন্ত্রাসী নেত্রীতে পরিণত হয়েছেন। যিনি ঘরে বসে এ ধরনের নাশকতার অর্ডার দিচ্ছেন, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা করতে পারেন। ’
সর্বশেষ বাসে ২৯ জনের দগ্ধ হওয়ার ঘটনাকে স্বাস্থ্যমন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চোরাগোপ্তা বা এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশেই এ ধরনের ঘটনা ঘটছে।
বিচ্ছিন্ন ঘটনা বলা হলেও এ ধরনের ঘটনা ঘটেই চলছে, সেক্ষেত্রে সরকার ব্যর্থ কি না বা সরকার সংলাপে বসবে কি না, গণমাধ্যমের কর্মীদের এ ধরনের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার অবশ্যই ব্যর্থ নয়। বোমাবাজদের গ্রেপ্তার করাসহ বিভিন্ন পদক্ষেপ কঠোরভাবে নেওয়া হচ্ছে। চূড়ান্ত বিজয়ে সন্ত্রাসীরাই পরাজিত হবে। কেননা এ ক্ষেত্রে জনগণের সমর্থন আছে। ’ স্বাস্থ্যমন্ত্রী বিত্তবানদের দগ্ধ রোগীদের পুনর্বাসনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
আপাতত চিন্তার কিছু নেই: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী জানালেন, আপাতত যারা চিকিৎসা নিচ্ছে তাদের বিষয়ে চিন্তার কিছু নেই। সুষ্ঠু চিকিৎসার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ৫০ জন নার্সসহ বাড়তি চিকিৎসক কাজ করছেন। সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে ওষুধ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যা যা দরকার সবই করা হচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালসহ যেসব হাসপাতালে বার্ন ইউনিট আছে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। প্রয়োজন হলে সিএমএইচসহ যেখানে পাঠানো দরকার রোগীদের পাঠানো হবে। আপাতত বাড়তি শয্যা ঠিকঠাক করে বার্ন ইউনিটেই রাখা হচ্ছে সবাইকে।
বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন বলেন, বার্ন ইউনিটে ইনফেকশনের কারণে মৃত্যুর হার বাড়ছে। রোগীদের সার্বিক অবস্থা জানানোর জন্য একটি মনিটরিং সেল খোলা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গণমাধ্যমের কর্মীদের সার্বিক তথ্য ব্রিফ করা হবে। তিনিও রোগীদের পুনর্বাসনের দিকটিতে নজর দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন।
বেলা একটার দিকে সাংসদ হাজি সেলিম বার্ন ইউনিটে থাকা রোগীদের জন্য ফল নিয়ে হাসপাতালে আসেন। তিনি আর রোগীদের দেখতে ভেতরে যাননি। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ফল বিতরণের ব্যবস্থা করেন।