চাররঙা পোস্টারের পালা শেষ এখন প্রস্তুতি সাদাকালোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফকিরেরপুলের এই সড়কের দুই পাশের ছাপাখানাগুলো প্রস্তুত নির্বাচনী পোস্টার  ছাপার জন্য। ছবি: প্রথম আলো
ফকিরেরপুলের এই সড়কের দুই পাশের ছাপাখানাগুলো প্রস্তুত নির্বাচনী পোস্টার ছাপার জন্য। ছবি: প্রথম আলো

ফকিরেরপুল, আরামবাগ ও পল্টনের ছাপাখানাগুলোতে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে অনেক আগেই। এত দিন সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ভোট চেয়ে, শুভেচ্ছা জানিয়ে চাররঙা পোস্টার ছাপিয়েছেন এসব ছাপাখানা থেকে। এখন চূড়ান্ত মনোনয়নের পর সাদাকালো পোস্টার ছাপানোর অপেক্ষা।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বলছে, সারা দেশে তাদের সদস্যসংখ্যা ১১ শর মতো। এর মধ্যে ঢাকার তিনটি এলাকাতেই তিন শর বেশি সদস্য। এসব ছাপাখানা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিন কোটির বেশি পোস্টার ছাপানো হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি টাকার মতো। এবারের নির্বাচনে এই অঙ্ক ছাড়িয়ে যাবে বলে মনে করছে তারা।

গতকাল বুধবার ফকিরেরপুল ও আরামবাগ এলাকার অন্তত ১৫টি ছাপাখানা ঘুরে সেখানকার কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন–চার মাস আগে থেকেই মূলত সরকারদলীয় লোকজন একেকটি ছাপাখানায় ৫ হাজার থেকে শুরু করে ২০ হাজার পর্যন্ত চাররঙা পোস্টার ছাপিয়েছেন। এসব পোস্টার মূলত ছাপানো হয়েছে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে, নৌকার পক্ষে ভোট চেয়ে। এখন নির্বাচনী আচরণবিধি অনুসারে চূড়ান্ত মনোনয়নের পর প্রচার–প্রচারণার জন্য চাররঙা পোস্টার ছাপানোর কোনো সুযোগ নেই। তাই তাঁরা অপেক্ষায় আছেন সাদাকালো পোস্টার ছাপানোর জন্য।

এ বিষয়ে কথা হয় আবরণ প্রিন্টার্সের মালিক মো. নুরুল ইসলামের সঙ্গে। ফকিরেরপুলের পানির ট্যাঙ্কের গলিতে নিজ কার্যালয়ে বসে তিনি বলেন, নভেম্বর–ডিসেম্বর মাসে এমনিতেই ছাপাখানাগুলোতে কাজের চাপ বেশি থাকে। এবার নির্বাচনের মৌসুমে সেই চাপ আরও বাড়বে।

চাপ সামলাতে অতিরিক্ত লোকবল নিয়োগ কিংবা আলাদা প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সহসভাপতি নুরুল ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে লোকবল বাড়ানো কিংবা আলাদা প্রস্তুতির দরকার হয় না। অর্ডার পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা করা সম্ভব হয়। কারণ, কাগজ–কালিসহ সব উপকরণ এক জায়গাতেই কিনতে পাওয়া যায়। সব ছাপাখানায় নকশা করার ব্যবস্থাও থাকে। আর বড় ছাপাখানাগুলো সাধারণত চার রঙের পোস্টার ছাপায়। সাদাকালো পোস্টার ছাপা হয় ছোট ছাপাখানায়, এক রঙের মেশিনে।’

কথা হয় মাটি আর মানুষ ছাপাখানার মেশিন অপারেটর সুমন মিয়ার সঙ্গে। তিনি জানান, কিছুদিন আগ পর্যন্ত তাঁরা হাজার বিশেক চাররঙা পোস্টার ছাপানোর কাজ করেছেন। এ মুহূর্তে কোনো ফরমাশ নেই। প্রতীক বরাদ্দের পর নতুন ফরমাশ আসতে শুরু করবে।

ঝরনা প্রিন্টার্সের একজন কর্মকর্তা জানান, আগে তাঁরা কিছু চাররঙা নির্বাচনী পোস্টার ছাপিয়েছিলেন। কিন্তু এখন ক্যালেন্ডার ও ডায়েরি ছাপানোর ফরমাশ অনেক বেশি। তাই তাঁরা সাদাকালো কোনো পোস্টার ছাপবেন না।