
বন্যায় মাছ ভেসে গেছে, ধান পচে গেছে। ধান লাগানোর জন্য চারা কেনার টাকা নেই। আপনাদের এই চারা পেয়ে মনটায় শান্তি হলো। ধানের চারা পেয়ে বললেন তারাগঞ্জের শাহপাড়া গ্রামের কৃষক আজারুল হক।
ঘর তৈরির জন্য নতুন টিন পেয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হরকা হাওড়াবাড়ী গ্রামের সূর্য্যবান বলেন, ‘বানের ধারে ঘর ভাসি গেছে। টাহা নাই, ঘর তুলুম কেমনে? এই টিন পাইয়া খুব ভালো হইল। এহন ঘরটা নতুন হইবে।’
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ধানের চারা, সবজিবীজ, সার ও ঢেউটিন বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। গত ২২ আগস্ট থেকে ট্রাস্টের ত্রাণ তহবিলের অর্থে এই কার্যক্রম চলছে।
তারাগঞ্জ (রংপুর)
গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জের কাঁচনা, বালাপাড়া, শাহপাড়া, জগদীশপুর, দোলাপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ জন কৃষকের মধ্যে অন্তত ১০ একর জমিতে ধান রোপণের জন্য আমন ধানের চারা দেওয়া হয়। ডাঙ্গাপাড়া মাঠে কৃষকদের হাতে চারা তুলে দেন ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
ধানের চারা পেয়ে তারাগঞ্জের শাহপাড়া গ্রামের কৃষক আজারুল হক বললেন, ‘বন্যাত মাছও ভাসি গেইছে, ধান পচি গেইছে। ধান নাগাইম তাঁর চারা খুঁজি পাছনু না। তোমার চারা কোনা পেয়া মনটা শান্তি হইল।’

জামালপুর
ঘর তৈরির জন্য নতুন টিন পেয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হরকা হাওড়াবাড়ী গ্রামের সূর্য্যবান বলেন, ‘বানের ধারে ঘর ভাসি গেছে। টাহা নাই ঘর তুলুম কেমনে? এই টিন পাইয়া খুব ভালো হইল। এহন ঘরটা নতুন হবে। টিনগুলা অনেক শক্ত, আল্লাহ দিলে অনেক দিন ঘরে হাত দিতে হইবে না।’
গতকাল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।
দিনাজপুর
ধানের চারা পেয়ে দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর গ্রামের দুরুল হক বললেন, দুই বিঘা জমি বর্গা নিয়ে তাতে ধান আবাদ করেছিলেন। বন্যায় সব ধান পচে গেছে। ধানের চারা পেয়ে তিনি খুব খুশি। এই চারার ধান ঘরে উঠলে তিনি তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে একটি সাইকেল কিনে দেবেন, যাতে স্কুলে যেতে মেয়ের কষ্ট না হয়।
গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলার জগৎপুর টিগরিপাড়া এলাকায় ভান্ডারা, বৈরাগীপাড়া ও কামদেবপুর গ্রামের ২০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে কাটারিভোগ ধানের চারা (ব্রি-৩৪ জাত) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক আজম, বিরল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. তাজুল ইসলামসহ বন্ধুসভার সদস্যরা।
শরীয়তপুর
গতকাল শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাশা চাষিবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের মধ্যে সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে সহায়তা করেন মুলনা ইউপি উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম। কৃষকদের টিএসপি, এমওপি ও ইউরিয়া সার, লাউ ও লালশাকের বীজ দেয়া হয়।
সার ও বীজ দেওয়ার সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুর রহমান, মিরাশা চাষিবাজারের ব্যবসায়ী জলিল মাদবর, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, নাসির উদ্দিন, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সদস্য মো. রাশেল।
কৃষক মানিক পঞ্চায়েত ও খবির ব্যাপারী জানান, অনেক ফসলি জমি থেকে এখনো বন্যার পানি নামেনি। পানি নামার সঙ্গে সঙ্গে আবার সবজির আবাদ করা হবে। এমন সময় সার ও বীজ পেয়ে অনেক উপকার হয়েছে।
গাইবান্ধা
গতকাল গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার দুর্গম এলাকা উড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উড়িয়া ইউনিয়নের ৩৮ জন বন্যার্ত কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে এই চারা রোপণ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক রানা পাপুল, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহ আলম, মাসুম বিল্লাহ প্রমুখ।
(প্রতিবেদনটি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে তৈরি)
বন্যা ত্রাণ তহবিল
গতকাল যাঁরা সহায়তা করেছেন
সরাসরি ব্যাংকে জমা ৩৫ হাজার টাকা।
l গতকাল মোট জমা
৩৫ হাজার টাকা
এ পর্যন্ত মোট জমা
৬৪,৮৬,৪৬৯ টাকা
l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট বিতরণ
৬১,৬৬,২৯২ টাকার ত্রাণ।
তহবিলে অর্থ সহায়তার জন্য
প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল
হিসাব নম্বর ২০৭-২০০-১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড
কারওয়ান বাজার শাখা।