জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজের শিক্ষার্থীরা গত বুধবার কলেজসংলগ্ন একটি বাগান থেকে ৪৭০টি আগরগাছ কেটে খেলার মাঠ বানিয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার শেষে ক্যাম্পাসে জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নয়টি মেহগনিগাছ লাগিয়ে চলে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। একই দিনে কুমিল্লার লাকসামে সড়কের চারটি বড় গাছ কেটে ফেলেছেন যুবলীগের এক কর্মী।স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শহীদ জিয়াউর রহমান কলেজে ‘ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বড় পর্দায় সরকারের বিভিন্ন পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়। সেমিনার শেষে মো. জাহাঙ্গীর আলম অন্য অতিথিদের নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে নয়টি মেহগনির চারা লাগান। অনুষ্ঠান শেষে অতিথিরা চলে গেলে কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রী কলেজসংলগ্ন ও কলেজের সঙ্গে বিরোধপূর্ণ জমির ৪৭০টি বড় গাছ কেটে ফেলে এবং চার হাজার আগরগাছের চারা উপড়ে ফেলে।এলাকাবাসী জানায়, ৮০ শতাংশ জমি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মো. ওবায়দুল্লাহ পক্ষের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। মো. ওবায়দুল্লাহ ও তাঁর চার ভাই ঢাকায় থাকেন। তাঁর আরেক ভাই মো. আবদুল্লাহ ওই জমি দেখাশোনা করেন। ওই জমিতে চার বছর আগে তাঁরা আগর, একাশি ও লেবুর বাগান করেছেন। মো. আবদুল্লাহ অভিযোগ করেন, জমি নিয়ে মামলা বিচারাধীন থাকার পরও অধ্যক্ষের নেতৃত্বে তার বাগানের সব গাছ কেটে নেওয়া হয়েছে। গাছগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।তবে অধ্যক্ষ তফিকুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। ছাত্ররা তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো কথাও বলেনি। ছাত্রদের কাছে জানতে চাইলে তারা জনায় খেলার মাঠ নেই বলে গাছগুলো কেটে দিয়েছে। কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, যারা এই ঘৃণ্য কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, এ ঘটনায় কলেজ ও গাছের মালিক দাবিদার পক্ষ অভিযোগ করেছে।এদিকে পৌরসভার একটি নর্দমার উন্নয়ন কাজ করতে গিয়ে বুধবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদসংলগ্ন পশ্চিমগাঁও দরগাঁও সড়কের পাশে জেলা পরিষদের জায়গার চারটি বিশাল আকৃতির কড়ইগাছ কেটে নিয়েছেন যুবলীগের কর্মী ও ঠিকাদার জহিরুল ইসলাম। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেন। এ সময় গাছ কাটার তদারকিতে থাকা যুবলীগের আরেক কর্মী আবদুল আহাদ ইউএনওর ওপর চড়াও হন, তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করেন ও আটক করা ব্যক্তিদের ছিনিয়ে নেন। ইউএনও পুলিশকে খবর দিলে যুবলীগের ওই কর্মী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।ইউএনও এ কে এম মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তিনি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। সাংসদ গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জহিরুল ইসলাম গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার বিষয়টি পৌরসভা জানে। তিনি কোনো নর্দমার কাজও করছেন না। তবে লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, জহিরুল ইসলামই নর্দমা নির্মাণের কাজ করছেন।