চারা-সংকটে বোরোর আবাদ কমার আশঙ্কা
চলতি মৌসুমে শীতে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারার অভাবে এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বোরোর আবাদ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চারার অভাবে রোপণ বিলম্বের আশঙ্কায় চাষিরা তাঁদের জমিতে বোরোর বদলে অন্যান্য ফসল আবাদ করছেন। এ কারণে গত মৌসুমের তুলনায় পীরগঞ্জে এবার কম জমিতে বোরোর আবাদ হবে বলে ধারণা করা হচ্ছে।গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তীব্র শীতে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার পর চারাবীজের অভাব পূরণ করতে চাষিরা এখন হিমশিম খাচ্ছেন। এলাকার হাটবাজারে এখন প্রয়োজন অনুযায়ী চারাবীজ পাওয়া যাচ্ছে না। চারাবীজ সংকটের কারণে বোরোর আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কায় ইতিমধ্যে অনেক চাষি তাঁদের জমিতে সরিষা, গমসহ অন্যান্য ফসলের আবাদ করেছেন।বেতুরা গ্রামের চাষি মো. সুলতান বলেন, ‘গত মাসে দুইবার বিচন বুনিন দুইবারেই নষ্ট হয় গেইল। গত সপ্তাহে নয়া করে ধান কিনেহেনে বিচন (বীজ) বুনিচু। এই বিচন দেহেনে ফাগুনের তৃতীয় সপ্তাহের আগে রোপা অজা যাবেনি।’বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-২ (বিএমডিএ) পীরগঞ্জ শাখার সহকারী প্রকৌশলী খায়রুল আলম জানান, উপজেলায় ১৭৭টি গভীর নলকূপের আওতাধীন এলাকায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে বোরো, গম, সরিষা, ভুট্টা ও আখের আবাদ হয়। এর মধ্যে বোরোর আবাদ হয় প্রায় সাড়ে তিন হাজার হেক্টরে। গত বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৮০০ হেক্টরে (এক হাজার ৯০০ একর) বোরোর চারা রোপণ হয়েছিল। এসব জমিতে সেচের চাহিদাও ছিল ব্যাপক। অথচ এবার ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের নলকূপের আওতাধীন এক একর জমিতেও বোরো চাষের খবর পাওয়া যায়নি। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, শীতে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার পর কৃষকদের হাতে এখন বীজ নেই। বীজ-সংকটের কারণে পীরগঞ্জের বিএমডিএর গভীর নলকূপ এলাকায় অন্তত এক হাজার হেক্টর কম জমিতে এবার বোরোর আবাদ হবে বলে ধারণা করছেন খায়রুল আলম।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর পীরগঞ্জ উপজেলায় ১৪ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। বীজের অভাবে এবার সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা স্থির করেছে কৃষি বিভাগ। তবে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, শীতে ক্ষতি হলেও চাষিরা নতুন করে বীজতলা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।