চারাগাছ নষ্ট ও মাছ লুট
পূর্বশত্রুতার জের ধরে কুড়িগ্রামের রাজারহাটে অর্ধশতাধিক চারা গাছ নষ্ট ও পুকুরের মাছ লুট করেছে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ রয়েছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটীহাট এলাকার আনসার সদস্য হামিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের (২৭) দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শরিফুল লোকজন নিয়ে হামিদুলের পুকুরপাড়ের বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক চারা গাছ ভেঙে ফেলেন। এ সময় তাঁরা পুকুরে জাল ফেলে মাছ ধরে নেন। এতে হামিদুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫) বাধা দিতে গেলে তাঁরা তাঁকে মারধর করেন।