চারাগুলো বীজতলাতেই রয়ে গেল
আমন মৌসুমে তৈরি করা হয়েছে বীজতলা। বীজতলার চারাগুলো রোপণের জন্য জমিতে দেওয়া হয়েছে চাষ। কিন্তু বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টির আশায় আমন মৌসুম পেরিয়ে যাওয়ায় চারাগুলো আর খেতে রোপণ করা হয়নি। এগুলো এখন গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন অনেক কৃষক। এতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর জমি আমন মৌসুমে পতিত পড়ে আছে।গতকাল রোববার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর, ঝলঝলি, জিয়াখোর, মহিষমারী ও বলদ্বার গ্রামে গিয়ে দেখা গেছে, আমন মৌসুম পেরিয়ে গেলেও কৃষকদের জমি এখনো ফাঁকা পড়ে আছে। রোপণ করতে না পেরে বীজতলার চারা কৃষকেরা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন। উপজেলার কাঁচকালি ভানোর গ্রামের কৃষক মো. ফজলু চলতি মৌসুমে আট বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু বৃষ্টির আশায় থেকে সেই চারা আর রোপণ করা হয়নি। তিনি জানান, এই এলাকার মাটি বেলে। বেশি দিন পানি ধরে রাখতে পারে না। পাম্প দিয়ে সেচ দিলে অন্য এলাকার চেয়ে চার গুণ খরচ বেড়ে যায়। সে জন্য এই এলাকার কৃষকেরা বৃষ্টির পানির ওপরই নির্ভর করেন। এবার স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় জমি চাষ দেওয়ার পরও কৃষকেরা আর জমিতে চারা না লাগিয়ে ফাঁকা ফেলে রেখেছেন।জিয়াখোর গ্রামের ইউনুস আলী জানান, এখন বাজারে সবচেয়ে ভালো মানের ধান প্রতি মণ ৫০০ টাকা। সেচ ছাড়া প্রতি বিঘায় আমন আবাদ করতে এখন প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়। সেচ দিয়ে আমন আবাদ করতে গেলে প্রতি বিঘায় আবার অতিরিক্ত খরচ হবে দুই হাজার টাকা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার ধানের ফলন কমে আসবে। প্রতি বিঘায় পাওয়া যাবে সর্বোচ্চ ১৩ থেকে ১৪ মণ ধান। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে আমাদের হাতে আর কিছু থাকবে না। ধানের উৎপাদন খরচ ও বাজারদর হিসাব করে জমি ফেলে রাখাই ঠিক মনে করছেন তিনি।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে সেই লক্ষ্যমাত্রা অর্জন হলেও উপজেলার বৃষ্টিনির্ভর প্রায় দেড় হাজার হেক্টর জমিতে কৃষক আমনের চারা রোপণ করতে পারেননি।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, বালিয়াডাঙ্গীর পূর্বাঞ্চলের জমি কিছুটা বেলে মাটি। মাটির এ বৈশিষ্ট্যের কারণে সেসব জমিতে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সেচ দিতে হয়। ফলে ওই এলাকার কৃষক আমন মৌসুমে বৃষ্টির ওপরই নির্ভর করেন। এ বছর স্বাভাবিক বৃষ্টি না পেয়ে কৃষক জমিতে চারা রোপণ করেননি।