চারামাছের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতা আছেন, বিক্রেতা আছেন। পণ্য নেই। তার পরও লাখ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য। যশোরের কেশবপুরের চারামাছ বাজারে এভাবেই কেনাবেচা হয়। কাকডাকা ভোর থেকে এ বাজারে লোকসমাগম শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বাজারের বেচাকেনা শেষে আর কাউকেই পাওয়া যায় না।কেশবপুর শহরের থানা মোড়ের এই চারামাছ বাজারে গিয়ে দেখা যায়, পুরো থানা মোড় এলাকায় ক্রেতা-বিক্রেতারা ভিড় করেছেন। উপস্থিত ব্যবসায়ীরা জানান, ভোর ছয়টা থেকে ক্রেতা-বিক্রেতারা আসতে থাকেন। চলে সকাল নয়টা পর্যন্ত। সাইকেলের পেছনে বড় বড় হাঁড়ি, কেউ বা নছিমন-করিমনে বড় বড় ড্রাম নিয়ে বাজারে এসে হাজির হচ্ছেন। চারামাছ বিক্রির সঙ্গে এলাকার ৩০০ থেকে ৪০০ মানুষ জড়িত। ১৫-১৬ বছর আগে শহরের অসিত কুমার সাহা প্রথমে নিজ পুকুরে ডিম থকে রেণু উৎপাদনের কাজ শুরু করেন। তখন বিভিন্ন গ্রাম থেকে ব্যাপারিরা মাছ কিনতে আসতেন। তাঁদের একজন পাথরা গ্রামের জাকির হোসেন জানান, তাঁরা যে পুকুর থেকে চারামাছ কিনতেন, সেখানে অনেকের ভিড় হতো। সে কারণে নিজেরা ঠিক করলেন শহরের একটি জায়গায় একত্র হওয়া দরকার। সেভাবেই সবাই ঠিক করেন শহরের থানা মোড়ে তাঁরা বসবেন। সে থেকেই এ বাজার সৃষ্টি। কয়েকজনের বাজার এখন শতশত মানুষের মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। এই বাজারের বিশেষত্ব হলো, এখানে কেউ মাছ আনেন না। মাছ বিক্রি হয় মুখে মুখে। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে বর্ণনা শুনে টাকা দিয়ে মাছ কেনেন। রেণু পোনার মালিকেরা তাঁদের নির্দিষ্ট পুকুর থেকে মাছ বিক্রি করেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে বিক্রি করেন বিভিন্ন গ্রামে। বড়েঙ্গা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তিনি ১২ বছর ধরে এ ব্যবসা করছেন। এ দিয়েই তাঁর সংসার চলে। ক্ষুদ্র ব্যবসায়ী থকে রেণু পোনা ব্যবসায়ী হয়েছেন আলতাপোল গ্রামের নূর ইসলাম। তিনি জানান, প্রথমে সাইকেলের পেছনে হাঁড়িতে করে পোনা মাছ বিক্রি করে বেড়াতেন। মাত্র ৫০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। এখন তাঁর ১৩টি পুকুর ও দুটি ঘের রয়েছে।সাধারণত এই বাজারে রুই, কাতলা, মৃগেল, গ্রাসকাপ, বাটা, জাপানি পুঁটি, সিলভার কাপ মাছের পোনা বিক্রি হয়। বায়সা গ্রামের মিনার হোসেন বলেন, একেক মাছের একেক ধরনের দাম। ১০-১২টায় কেজি কাতলা, মৃগেল ও রুই মাছ বিক্রি হয় ১১০ টাকায়। জাপানি রুই ১০-১২টায় কেজি বিক্রি হয় ১৫০ টাকায়। বেলকাঠী গ্রামের জামাল উদ্দীন বলেন, প্রতিদিন মাছ কিনে বিভিন্ন এলাকার মানুষের কাছে বিক্রি করে তাঁর ৪০০ টাকা পর্যন্ত লাভ হয়। এ ব্যবসা করেই তিনি সংসার চালান।উপজেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, বাজারটি মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের বিভাগের কোনো সহযোগিতা দরকার হলে তিনি প্রস্তুত বলে জানান।