চারাসংকটে কৃষক দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের অনাবৃষ্টির পর তিন দিনের টানা বর্ষণের ফলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় আমনের চারা লাগানো শুরু হলেও চারাসংকটে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, আগস্টের ১৫ তারিখের মধ্যে আমনের চারা লাগানোর উৎকৃষ্ট সময়। কিন্তু অনাবৃষ্টির কারণে আমন আবাদ পিছিয়ে যাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। এ বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ৯৫০ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪ হাজার ছয় মেট্রিক টন। অনাবৃষ্টি ও পোকার আক্রমণে বীজতলা নষ্ট হওয়ায় জমি তৈরি করেও অনেকে চারার খোঁজে বিভিন্ন এলাকায় ছুটছেন। গত মঙ্গলবার হাতিয়া অনন্তপুর গ্রামের কৃষক সাহেব আলী (৫৫) বলেন, দুই বিঘা জমি তৈরি করে দেশি জাতের চারার খোঁজে ভোরে বের হয়েছেন। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত চারা পাননি। বোরো ধানের চারা পাওয়া গেলেও চারার বয়স বেশি হওয়ায় তা থেকে আশানুরূপ ফলন পাওয়া যাবে না। এ কারণে বোরোর চারা লাগানো থেকে বিরত আছেন। ধামশ্রেণী ইউনিয়নের পালপাড়া গ্রামের কৃষক হরিষ চন্দ্র জানান, সাধারণত মধ্য আষাঢ় থেকে শ্রাবণের শেষ পর্যন্ত জমিতে রোপা আমন লাগানো হয়। এ বছর অনাবৃষ্টির কারণে সময় পেরিয়ে যাওয়ায় এবং চারা না পাওয়ায় তিনি তাঁর এক বিঘা জমিতে সবজি চাষ করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম চারাসংকটের কথা স্বীকার করেছেন।