প্রান্তিক কৃষক চান মিয়া তিন বিঘা জমি চাষাবাদ করে যে ফসল পান, তা দিয়ে ছয় সদস্যের সংসার চলে। কিন্তু এবারের বন্যায় পুরো জমির রোপা আমনই নষ্ট হয়ে গেছে। পানি নামার পর পুনরায় জমি তৈরি করেছেন। কিন্তু কোথাও আমনের চারা পাচ্ছেন না।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের বাসিন্দা চান মিয়া বললেন, আমনখেত নষ্ট হলেও বন্যায় সেই জমিতে পলি জমেছে। ফলে এখন ফসল আরও ভালো হবে। সেই আশায় ধারদেনা করে জমি প্রস্তুত করেছেন তিনি। কিন্তু আমনের চারা না পাওয়ায় বিপাকে পড়েছেন।
একই গ্রামের কৃষক সিদ্দিক মিয়া (৬০) বলেন, ‘হামার চার বিগে জমির ধান, বেছন (বীজতলা) ডুবি থাকি নষ্ট হচে। হামরা কিরসোক মানুষ। নয়াকরি ধান নাগামো ক্যামন করি। নিজে চারা কিনব্যার পাই নাই, সোরকার থাকিও দ্যায় নাই।’
গতকাল বৃহস্পতিবার সকালে ফুলছড়ি ও সাদুল্যাপুর উপজেলার কয়েকটি গ্রামে সরেজমিনে কৃষকদের একই চিত্র পাওয়া গেছে। বন্যার পানি নেমে যাওয়ায় নতুন ফসল ফলানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমে পড়েছেন কৃষকেরা। কিন্তু চারার সংকটে তাঁদের সেই স্বপ্ন মাঠে মারা যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, এবারের বন্যায় গাইবান্ধার সাতটি উপজেলার ২৬ হাজার ৩১৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে রোপা আমন ২৬ হাজার ১৬৫ হেক্টর এবং আমন বীজতলা ১৫১ হেক্টর। জেলায় মোট ১ লাখ ৮৬ হাজার ৯৭০ কৃষক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগের হিসাবে, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার ১৬৫ হেক্টর জমিতে পুনরায় আমনের চাষ করতে ১ হাজার ৩০৮ দশমিক ২৫ হেক্টর জমির বীজতলা প্রয়োজন। কিন্তু বন্যায় বীজতলার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো জেলাতেই আমনের চারার চরম অভাব দেখা দিয়েছে।
জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ কা মো. রুহুল আমিন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ৯ দশমিক ৯ হেক্টর বীজতলার চারা গাইবান্ধার ৬০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। বর্তমানে জেলায় ৩০০ হেক্টর বীজতলা রয়েছে। এ ছাড়া ১৫০ জনকে ধানের বীজ দেওয়া হয়েছে।
এদিকে জেলার উঁচু এলাকার গুটিকয়েক হাটবাজারে আমনের চারা পাওয়া যাচ্ছে। কিন্তু দাম অনেক চড়া। প্রতি ৮০ আঁটি আমনের চারা ৬০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বন্যার আগে একই পরিমাণ চারা বিক্রি হতো ২০০ থেকে ৩০০ টাকায়। এক বিঘা জমির জন্য ৩২০ আঁটি দরকার।
ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের কৃষক তাজ মিয়া (৫৮) বলেন, ‘হামার তিন বিগে জমির আমন ধান নষ্ট হচে। মানসের কাচে ট্যাকা ধারদেনা করি জমিগুলো চাষ করি নিচি। এলাকার হাটোত ঘুরচি, চারা পাই নাই। দুইটে-একটা হাটোত চারা পাওয়া গেলেও ম্যালা দাম।’
গতকাল দুপুরে সাদুল্যাপুর উপজেলা শহরের চারা বিক্রির হাটে এসেছিলেন বদলাগাড়ি গ্রামের কৃষক আশরাফুল আলম (৪৫)। তিনি এবার দেড় বিঘা জমি বর্গা নিয়ে আমন চাষ করেছিলেন। কিন্তু বন্যায় পুরো খেত নষ্ট হয়েছে। নতুন করে জমি তৈরি করেছেন। কিন্তু এলাকায় চারা নেই। এই হাটে এসেছিলেন চারা কিনতে। কিন্তু দাম কুলাতে না পারায় খালি হাতে ফেরত যান তিনি।
আশরাফুল আলমের সঙ্গে থাকা একই গ্রামের হাফিজার প্রধানও (৬০) চারা না কিনেই বাড়ি ফিরে যান। তিনি বলেন, তাঁর তিন বিঘা জমির ধান বন্যায় নষ্ট হয়েছে। চারা কিনতে ঋণ করে টাকা সংগ্রহ করে এ হাটে আসেন। কিন্তু এসে দেখেন, ধানের চারার দাম তিন গুণ বেশি। শেষ সময়ে এত টাকা দিয়ে চারা কিনে তেমন লাভ হবে না।
এ বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তা রুহুল আমিন বলেন, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমন রোপণের উপযুক্ত সময়। এ সময়ের মধ্যে গাঞ্জিয়া, নাজিরশাইল, গুটি স্বর্ণা ইত্যাদি জাতের ধান চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।