চারিত্রিক সনদ নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারিত্রিক সনদ-সম্পর্কিত জটিলতার কারণে উচ্চশিক্ষা নিতে পারছেন না ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্রকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থী ইমরান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় একটি অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান চৌধুরীকে শাস্তি দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির কথা তাঁর চারিত্রিক সনদে উল্লেখ থাকায় এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ আগস্ট বঙ্গবন্ধুর ছবি-সংবলিত পোস্টারের ওপর ছাত্রশিবিরের পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও অন্য শিক্ষার্থীদের সঙ্গে শিবিরের কোন্দল বাধে। ছাত্রলীগের কর্মীরা ওই সময় আবাসিক হলে গিয়ে ছাত্রশিবিরের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে তাঁরা ক্যাম্পাসে ছাত্রশিবির নিষিদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্যাম্পাসে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে এসব অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের চার কর্মীকে বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। তাঁদের একজন ইমরান চৌধুরী। তিনি যন্ত্রকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে চলতি শিক্ষা বর্ষে ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য আবেদন করেন। কিন্তু চারিত্রিক সনদ না থাকায় তাঁকে এখন পর্যন্ত ভর্তি করা হয়নি।ইমরান চৌধুরী অভিযোগ করেন, যাঁরা ভর্তির সুযোগ পেয়েছেন, তাঁদের অধিকাংশ শিক্ষার্থীর চেয়ে তাঁর ফল ভালো। চারিত্রিক সনদের এ জটিলতার কারণে তাঁর উচ্চশিক্ষা নেওয়া ও অন্যান্য কাজে জটিলতার সৃষ্টি হচ্ছে। তিনি জানান, তাঁর এই শাস্তির কথা উল্লেখ না করে চারিত্রিক সনদ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছেন। কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করলে তিনি উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলে যন্ত্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে।এ ব্যাপারে ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, ‘তাঁর একটি আবেদনপত্র পেয়েছি। এই মুহূর্তে এ ব্যাপারে আমার বিছু বলার নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।’ উপাচার্য এম সবদার আলী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ীই এটা হয়েছে, তাই এ ব্যাপারে কী হবে, না হবে—তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’