চারু ও কারুকলা না জেনেই জেএসসিতে বসছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুটি সরকারিসহ ১৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক নেই। এ অবস্থায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৭ হাজার শিক্ষার্থী চারু ও কারুকলার প্রস্তুতি ছাড়াই আগামী ২ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।
৫০ নম্বরের আবশ্যিক এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৫০ নম্বরের এবং নবম ও দশম শ্রেণিতে ১০০ নম্বরের চারু ও কারুকলা বিষয় আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীরা প্রথমবারের মতো চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। বিষয়টির ৩০ নম্বর রচনামূলক অংশ ও ২০ নম্বরের ছবি আঁকা, নকশা করা ও রং করার কাজ আছে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার ১৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের কোনোটিতেই চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তা ছাড়া টেস্ট পরীক্ষায় এই বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন নিয়েও শিক্ষকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর ২৩৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ে কোনো শিক্ষক না থাকায় অন্যান্য বিভাগের শিক্ষকদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে।
বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী লালিমা আক্তার ও জান্নাতুল মাওয়া জানায়, নিজেদের চেষ্টায় তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা জানান, সাধারণ শিক্ষকেরাই চারু ও কারুকলা বিষয়ে পাঠদান এবং সদ্য সমাপ্ত টেস্ট পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছেন। আদর্শ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহানসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও একই বিড়ম্বনার কথা জানিয়েছেন।
নাজমা বেগম নামে এক অভিভাবক জানান, বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে কোথাও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। এর পরও ভালো ফলাফলের কথা বিবেচনা করে সাইনবোর্ড লেখায় পারদর্শী এক শিল্পীর কাছে মেয়েকে ছবি আঁকা শিখিয়েছেন।
জেলা শিক্ষক সমিতির (মাধ্যমিক) সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জানান, নতুন এই বিষয়টি নিয়ে বেশ জটিলতা হচ্ছে। সংকটময় পরিস্থিতিতে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক দিয়ে চারু ও কারুকলা বিষয়টির পাঠদান চলছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয়গুলোতে তুলনামূলক অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে এ বিষয়ে পাঠদান করানো হচ্ছে। ওই সব শিক্ষকের মধ্যে অনেকেরই তিন দিনের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত এভাবেই চালিয়ে নিতে হচ্ছে।