চারু ও কারুকলা বিষয়টি বাদ দেওয়ার প্রতিবাদ
বোর্ড পরীক্ষায় চারু ও কারুকলা বিষয়টিকে বাদ দেওয়ার সুপারিশের তীব্র প্রতিবাদ জানিয়েছে চারুকলা শিক্ষক পরিষদ বাংলাদেশ। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মেধাযুক্ত মানুষ ও সভ্য জাতির জন্য চারুকলার বিকল্প নেই। চরুকলার চর্চা করতে গিয়ে শিশুরা চাপ অনুভব করে না, তারা আনন্দের সঙ্গে এর চর্চা করে।
সংবাদ সম্মেলনে শিল্পী হাশেম খান বলেন, উন্নত বিশ্বে শিশুদের অক্ষর-জ্ঞান দেওয়ার আগে তাদের হাতে রংতুলি ও কাদা মাটি তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তারা সুন্দরের চর্চা করে এবং ভবিষ্যতে সুন্দর দেশ গড়ে। চারুকলা বন্ধ করলে দেশ সুন্দরের দিকে যাবে না, জঙ্গিবাদও থামবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কর্মশালা হয়। পরে কর্মশালা থেকে চারু ও কারুকলা বিষয়টিকে বোর্ড পরীক্ষা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
এর প্রতিবাদ জানিয়ে ও সুপারিশকারীদের সমালোচনা করে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে শিল্পীসমাজের সঙ্গে আলোচনার আহ্বান জানান।
লিখিত বক্তব্যে চারুকলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফকির বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক জনবল কাঠামোতে সব বিষয়ে শিক্ষকের পদ থাকলেও শুধু চারুকলা বিষয়ে শিক্ষকের কোনো পদ নেই। তিনি পদ সৃষ্টির পাশাপাশি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে বিএফএ ডিগ্রিধারীদের নিয়োগের দাবি জানান।
ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কমল কর্মকার। এতে শিল্পী মনিরুজ্জামান মুনিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।