চারু ও কারুকলার শিক্ষক নেই, বিপাকে শিক্ষার্থীরা
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারু ও কারুকলা আবশ্যিক বিষয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ের পাঠ্যবইও হাতে পেয়েছে। কিন্তু ফেনী জেলার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় বা মাদ্রাসায় চারু ও কারুকলা বিষয়ের কোনো শিক্ষক নেই। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
শিক্ষকেরা জানান, অন্য বিষয়ের শিক্ষক দিয়ে কোনোমতে চারু ও কারুকলা বিষয়ের পাঠদান চলছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষের শুরু থেকে চারু ও কারুকলা বিষয় ঐচ্ছিক ছিল। কিন্তু গত ২২ আগস্ট প্রজ্ঞাপনের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রমে ‘শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য’ ও ‘চারু ও কারুকলা’ আবশ্যিক করা হয়েছে। তার আগে ‘কৃষি ও গাহর্স্থ্য অর্থনীতি’ বাধ্যতামূলক ছিল। এখন বিষয়টিকে ঐচ্ছিক করা হয়েছে। সূত্র জানায়, এরই মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়ের পাঠ্যবই সরবরাহ করেছে। কিন্তু এ বিষয়ে শিক্ষকের পদও সৃষ্টি করা হয়নি। এতে বিদ্যালয়গুলো বিপাকে পড়েছে। তা ছাড়া এ বিষয়ের জন্য নিয়োগ দিতে শিক্ষকও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান জনবল কাঠামোয় চারু ও কারুকলা বিষয় অন্তর্ভুক্ত না থাকায় শিক্ষক নিয়োগ ও এমপিও পাওয়া নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্বিধায় রয়েছে। বেশির ভাগ বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষকেরা চারু ও কারুকলা বিষয়টি পড়াচ্ছেন।
জানা গেছে, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলা বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। দুটি বিষয়েই তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বাকি আর মাত্র তিন সপ্তাহ। কিন্তু শিক্ষক না থাকায় পরীক্ষার ফল খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষার্থীরা।
জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক বলেন, এ বিষয়ের শিক্ষক নেই। শিক্ষার্থীদের আশঙ্কা, এ কারণে তাদের ফল খারাপ হতে পারে।
ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুক আহমঞ্চদ বলেন, একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও ওই বিষয়ের শিক্ষক পাওয়া যায়নি। বাধ্য হয়ে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চারু ও কারুকলায় পাঠদান চলছে।