নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের কোনো শিক্ষক নেই। অথচ চলতি বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয়টি আবশ্যিক করা হয়েছে। শিক্ষক না থাকায় যথাযথভাবে পাঠদান করা যাচ্ছে না। এতে জেএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটবে বলে অভিভাবক ও শিক্ষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে শিক্ষার্থীদের চারু ও কারুকলা বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে অঙ্কনে (ছবি আঁকা) ষষ্ঠ শ্রেণীতে ২০ এবং সপ্তম ও অষ্টম শ্রেণীতে ২৫ নম্বর রাখা হয়েছে। এ জন্য বাংলা দ্বিতীয় পত্রের ১০০ নম্বর কমিয়ে ৫০ করা হয়েছে। জানুয়ারিতে উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে সরকার বই সরবরাহ করে।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দীপান্বিতা সাহা, রিফাত বিন আলম ও আফিয়া আবেদা জানায়, এ বিষয়ের শিক্ষক না থাকায় কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। তাই এ বিষয়ে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে অনেকে অনিশ্চয়তায় আছে। এক শিক্ষার্থীর অভিভাবক এম এম মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে দক্ষ শিক্ষক লোহাগড়া উপজেলায় নেই। তাই ইচ্ছা করলে প্রাইভেটও পড়ানোর সুযোগ নেই। শিক্ষা বিভাগের এ ধরনের উদাসীন ও পরিকল্পনাবিহীন কর্মকাণ্ড দেখে হতবাক হতে হয়।
চাচই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুণ্ডু জানান, অন্য বিষয়ের শিক্ষক দিয়ে পাঠদান করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে ওই শিক্ষকদের পাঠদানের অভিজ্ঞতা না থাকায় কাজের কাজ কিছুই হচ্ছে না।
মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক তহমিনা খোন্দকার ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে চারু ও কারুকলা বিষয়ে পাঠদান করান। তিনি বলেন, ‘পড়াচ্ছি ঠিকই। কিন্তু দক্ষতা না থাকায় ক্লাসে গিয়ে লজ্জা পেতে হয়। ক্লাস নিয়ে মানসিক শান্তি পাই না। এ বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি।’
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। তাই এ বিষয়ের শিক্ষক নেওয়ার কোনো সুযোগ নেই। পদ সৃষ্টি করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।