চারু ও কারুকলার শিক্ষকসংকট নিয়েই পরীক্ষা দেবে তারা
বিভিন্ন বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষকের ঘাটতি নিয়েই চলতি বছর চট্টগ্রাম বোর্ডের অধীন প্রায় দেড় লাখ শিক্ষার্থী জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় বসছে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে দুজনের জায়গায় একজন মাত্র শিক্ষক রয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে।
কিন্তু বেসরকারি বিদ্যালয়ের পদকাঠামোতে চারু ও কারুকলা শিক্ষকের পদ না থাকায় অনভিজ্ঞ শিক্ষক দিয়েই পাঠদান করানো হয়েছে। এতে পরীক্ষার্থীদের ভালো ফল করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শিক্ষকসংকটের বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন স্কুলে চারু ও কারুকলা বিষয়ে পাঠদানকারী শিক্ষকদের মধ্যে যাঁরা কিছুটা অভিজ্ঞ, তাঁদের বাছাই করে পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। কারণ, এ ছাড়া আমাদের সামনে কোনো বিকল্পও খোলা নেই।’
এ বছর বোর্ড কর্তৃপক্ষ চারু ও কারুকলা বিষয়ে ২৩০ জন প্রশিক্ষক নিয়োগ দিয়েছে বলে জানা গেছে। চলতি বছর থেকে ১০০ নম্বরের চারু ও কারুকলা বিষয়টি আবশ্যিক করা হয়েছে। আগামী সোমবার (৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এক লাখ ৪০ হাজার ৬৪৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬২ হাজার ৬৫৮ জন ছাত্র এবং ৭৭ হাজার ৯৯১ জন ছাত্রী রয়েছে।
জানা যায়, সরকারি উচ্চবিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ে দুজন করে শিক্ষকের পদ রয়েছে। কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে মাত্র একজন করে।
চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘আমাদের এখানে দুজন শিক্ষকের পদ থাকলেও শুধু একজন শিক্ষকই পাঠদান করছেন।’
সিটি করপোরেশন এবং বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে চারুকলার কোনো শিক্ষকই নেই। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অঙ্কনের শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে।
চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম বলেন, ‘আমাদের স্কুলগুলোতে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষকের পদকাঠামো না থাকায় সাধারণ শিক্ষক দিয়ে পড়ানো হয়েছে।’