চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য প্রদর্শনী শুরু

প্রকৃতির নানা উপাদানের মধ্য আমরা জীবনকে খুঁজি। ভাস্কর্য গড়তে গিয়ে যেন জীবনের মানে খুঁজে পান ভাস্কররা। জীবন অন্বেষণকেই খোলা সবুজ চত্বরে ছড়িয়ে দিয়েছেন ভাস্কররা। আন্তর্জাতিক ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
গতকাল রোববার দুপুরে নগরের বাদশা মিয়া সড়কে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশীদ চৌধুরী আর্ট গ্যালারি ও চট্টগ্রাম অালিয়ঁস ফ্রঁসেজে সাত দিনব্যাপী ভাস্কর্য প্রদর্শনীর শুরু হয়। প্রদর্শনীতে দেশের ৪৭ জন ভাস্করের ৪৭টি ভাস্কর্য প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর প্রতিপাদ্য ‘আর্ট ইন পাবলিক স্পেসেস’। জার্মানির স্কাল্পপচার নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশ, ভারত, জার্মানিসহ বিশ্বের ২১টি দেশের ৭০টি ভেন্যুতে এই প্রদর্শনী একসঙ্গে শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ও বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রদর্শনীর তত্ত্বাবধায়ক অলোক রায়। প্রদর্শনীর সমন্বয়ক প্রণব মিত্র চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন, অধ্যাপক ফয়জুল আজিম প্রমুখ।
প্রণব মিত্র চৌধুরী প্রথম আলোকে বলেন, পুরো বিশ্বের ভাস্করদের চিন্তা ও শিল্পকর্মকে জানানো এই প্রদর্শনীর উদ্দেশ্য। এই প্রদর্শনী বিশ্বের অন্যান্য দেশের ভাস্করদের শিল্পকর্ম সম্পর্কে দেশের ভাস্করদের জানতে সহায়তা করবে। সৌন্দর্যপ্রেমী ও ভাস্কর্যের মাধ্যমে জীবনকে জানার এক অপূর্ব সুযোগও এই প্রদর্শনী।
উদ্বোধনের পর দর্শনার্থীরা শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে সাদা ধোঁয়া, বীজযন্ত্র, মাতৃকাল, ভালো দিনের অপেক্ষা, একতা, স্বপ্ন, অসম্পূর্ণ মানব—এ রকম বিভিন্ন নামের বৈচিত্র্যপূর্ণ ভাস্কর্য স্থান পেয়েছে।