চারুকলা ইনস্টিটিউটের প্রথম বার্ষিক প্রদর্শনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে শুরু হয়েছে আট দিনব্যাপী প্রথম বার্ষিক চারুকলা প্রদর্শনী। গতকাল রোববার বিকেলে ইনস্টিটিউটের আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। প্রদর্শনীতে প্রথম বর্ষ থেকে মাস্টার্সের শিক্ষার্থীদের ১২৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্য থেকে পেনসিল, পেইন্টিং, ভিডিও এবং সব মাধ্যমে করা চিত্রের জন্য সাতজন শিক্ষার্থীকে প্রথম ও চারজনকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। সব মাধ্যম দিয়ে করা ‘স্টিচিং টাইম’-এর জন্য শ্রেষ্ঠ চারুশিল্পী হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনজুরুল আলম। তাঁর হাতে রশিদ চৌধুরী অ্যাওয়ার্ড দেওয়া হয়।উপাচার্য আলাউদ্দিন বলেন, ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর এটিই প্রথম চারুকলা প্রদর্শনী। শিল্পী মনসুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলা ও মানববিদ্যা বিভাগের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক মো. জসিমউদ্দিন। ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী জানান, আর্ট গ্যালারিতে প্রদর্শনী চলবে ৫ জুন পর্যন্ত।