চারুকলা পরিদর্শন করলেন জাপানের প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়ার আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর স্ত্রী আকিয়ে আবেও তাঁর সঙ্গে ছিলেন।
সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিনজো আবে এলে তাঁকে লালগালিচা সংবর্ধনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী প্রমুখ উপস্থিত ছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ২০ মিনিটের এই পরিদর্শনে চারুকলা অনুষদের গ্যালারিতে জাপানের মনবসু বৃত্তিপ্রাপ্ত শিল্পীদের এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী পরিদর্শন করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের চিত্রায়ণ প্রদর্শনী এবং বাংলাদেশি শিল্পীদের তৈরি হস্ত ও কারুশিল্প প্রদর্শনীও ঘুরে দেখেন। উপাচার্য এ সময় শিনজো আবেকে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
নয়টা ৫০ মিনিটে শিনজো আবে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।