শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশে সোপর্দ করা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্র রাজীব কান্তি শীলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে রাজীবের আইনজীবী আহসানুল করিম ও জিয়াউল ইসলাম জামিনের জন্য আবেদন করলে বিচারক নিয়াজী মো. শহীদুল আলম চৌধুরী অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
জিয়াউল ইসলাম জানান, বাদীপক্ষের দেওয়া হলফনামার পরিপ্রেক্ষিতে আদালত রাজীবের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
রোববার নগরের দেওভোগে অবস্থিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব কান্তি শীলকে কয়েক শ লোক কলেজের ভেতর থেকে ধরে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। সোমবার আদালতে হাজির করা হলে আদালত রাজীবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার পর চারুকলার শিক্ষার্থীরা রাজীবকে ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ শুরু করেন।