রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চারজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। এর প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা গত রোববার ক্যাম্পাসে মানববন্ধন করে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তি দাবি করেন। পরে তাঁরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত প্রায় আধা ঘণ্টার মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, একাডেমিক কাউন্সিলের নাম ব্যবহার করে কয়েকজন শিক্ষক চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ তৈরি করে প্রশাসনের কাছে পাঠিয়েছেন। পরে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করায় কোনো শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হলে অবশ্যই পুরো ঘটনা তদন্ত করতে হবে। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলেও বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আন্দোলনের কারণে তাঁদের কারণ দর্শানোরও কোনো নোটিশ দেওয়া হয়নি। অথচ একাডেমিক কাউন্সিলের নাম ব্যবহার করে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।চারুকলা বিভাগের সভাপতি আবদুল মতিন তালুকদার দাবি করেন, ২৯ জুন অনুষ্ঠিত একাডেমিক কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তানজীব আহমেদ (তৃতীয় বর্ষ), সারোয়ার (চতুর্থ বর্ষ), আসিফ কবির (দ্বিতীয় বর্ষ) ও সুজনের (দ্বিতীয় বর্ষ) ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। তবে বিভাগের শিক্ষক কনক কুমার দাবি করেন, চারজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের বিষয়ে একাডেমিক কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। উপাচার্য এম আবদুস সোবহান চারুকলা বিভাগের চারজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশপত্র ও শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে গত ২৮ জুন চারুকলা বিভাগের সভাপতিসহ ওই বিভাগের চারজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবরুদ্ধ করে রাখা এবং সংশ্লিষ্ট বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভাগীয় একাডেমিক কমিটির নামে চারজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য একটি সুপারিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।