চারুকলার প্রভাষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন চেয়ারম্যান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের প্রভাষক সাবরিনা শাহনাজের কক্ষে ১৭ দিন ধরে তালা ঝুলছে। ওই শিক্ষক অভিযোগ করেছেন, বিভাগের চেয়ারম্যান নাহীদ আখতার কোনো কারণ ছাড়াই জোর করে তাঁর কক্ষে তালা ঝুলিয়েছেন। তবে চেয়ারম্যান বলছেন, কক্ষটিকে বিভাগীয় সেমিনার কক্ষ বানানো হবে বলে তালা ঝোলানো হয়েছে। সাবরিনা শাহনাজ ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি অভিযোগপত্র দেন। তাতে উল্লেখ করেছেন, গত ১৬ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় তলায় নিজ কক্ষে দাপ্তরিক কাজ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নাহীদ আখতার সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন এবং জোর করে দরজায় একটি তালা ঝুলিয়ে দেন। তিনি কারণ জানতে চান। চেয়ারম্যান কোনো কারণ না দেখিয়ে তাঁকে গালিগালাজ করেন।এ ব্যাপারে সাবরিনা শাহনাজ প্রথম আলোকে বলেন, ‘বিনা কারণে তিনি আমার কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, কক্ষ না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, অ্যাসাইনমেন্ট দেখাসহ দাপ্তরিক কাজ করতে পারছেন না। নাহীদ আখতার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভবনের সংস্কারকাজ শেষ হওয়ার পর কক্ষটিকে সেমিনার কক্ষ বানানোর কথা রয়েছে। কিন্তু সাবরিনা শাহনাজ অনুমতি ছাড়াই ওই কক্ষে আসেন। বিভিন্ন সময়ে কক্ষ ছাড়তে বললে তিনি তা করেননি। উল্টো অভিযোগ করেন, তিনি নিজের কক্ষে ফিরলে সাবরিনা শাহনাজ বাইরে থেকে তালা লাগিয়ে দেন।তবে বিভাগের কয়েকজন শিক্ষক বলেছেন, ওই কক্ষটিকে সেমিনার কক্ষ বানানো হবে—এ রকম কোনো সিদ্ধান্ত বিভাগের একাডেমিক কমিটিতে নেওয়া হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিভাগটিতে দীর্ঘদিন ধরে পিয়ন নেই। সর্বশেষ পিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে চলে গেছেন। এ অবস্থায় চিঠি বিলি, ঝাড়ু দেওয়াসহ নানা কাজ করতে হচ্ছে বিভাগের শিক্ষার্থীদের।