চারুকলার বিভাগীয় চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভাগে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত ক্লাস ও পরীক্ষা না হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভাগ সাত ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। গতকাল রোববার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। উপাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। নির্দিষ্ট সময়ের দ্বিগুণের বেশি পেরিয়ে গেলেও শিক্ষাজীবন শেষ না হওয়ায় ও নিয়মিত ক্লাস-পরীক্ষা না হওয়ায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সকালের প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিভাগের সামনে জড়ো হতে থাকেন। তাঁরা বিভাগীয় ভবনের দুটি ফটকে তালা দেন। এ ছাড়া বিভাগের সামনে চেয়ারম্যান নাহীদ আখতারের অপসারণের দাবিসংবলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, ২০০১-০২ শিক্ষাবর্ষের স্নাতক সমাপনী পরীক্ষা শেষ হয়েছে ২০০৮ সালে। এরপর তাঁরা স্নাতকোত্তর বর্ষে ভর্তি হলেও গত আড়াই বছরে তাঁদের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একই সমস্যায় রয়েছেন বিভাগের ২০০২-০৩ ও ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও। এ জন্য তাঁরা চেয়ারম্যানের ‘উদাসীনতাকে’ দায়ী করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেন তাঁরা।এ সময় বিভাগের শিক্ষক শেখ মনির উদ্দিন শিক্ষার্থীদের অভিযোগ সত্য বলে সমর্থন করেন। শিল্পকলার ইতিহাস বিভাগে এখন মোট ১০টি শিক্ষাবর্ষের শিক্ষার্থী অধ্যয়ন করছেন। মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫৭ জন। চেয়ারম্যানসহ শিক্ষকসংখ্যা চার। তিনজন শিক্ষকই গত ১৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন। তালা লাগানোর দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলী ও অনুষদের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর রবিউল ইসলাম পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে আসেন। তাঁরা তালা খুলে আলোচনায় বসার অনুরোধ করলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন।