চারুকলায় অবিন্তা সাইবার সেন্টার ও আর্কাইভ উদ্বোধন
‘আমি হয়তো এ জন্যই পৃথিবীতে এসেছি, যাতে সুবিধাবঞ্চিত মানুষদের কাজে আসতে পারি।’ কথাগুলো অবিন্তা কবিরের। বিশ্ববিদ্যালয়ে এক ক্লাস অ্যাসাইনমেন্টে লিখেছিলেন তিনি। তাঁর নামে তৈরি সাইবার সেন্টার ও আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে সাঁটা ব্যানারে এই লাইনগুলোই জ্বলজ্বল করছিল।
অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গতকাল বুধবার উদ্বোধন হলো অবিন্তা সাইবার সেন্টার ও আর্কাইভ। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান নীলু রওশন মুর্শেদ বললেন, মানুষের উপকারে আসার অবিন্তার সেই স্বপ্নপূরণেই কাজ করে যাবেন তাঁরা।
গত জুলাইয়ে গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত তিন বাংলাদেশির একজন অবিন্তা কবির (১৯)। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এ বছর মার্চে তাঁর পরিবারের উদ্যোগে গড়ে উঠেছে অবিন্তা কবির ফাউন্ডেশন। চারুকলা অনুষদের পাঠাগারের একাংশে সাড়ে চার শ বর্গফুটের অবিন্তা সাইবার সেন্টার ও আর্কাইভে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি প্রিন্টারসহ ১৩টি কম্পিউটার, ফটোকপি মেশিন, ইন্টারনেট সংযোগসহ আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্কাইভটি গড়ে তুলতে একজন বিশেষজ্ঞকে এক বছরের জন্য নিয়োগ করা হয়েছে।
সেন্টারটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। হলি আর্টিজান হামলা থেকে সম্প্রতি ম্যানচেস্টারে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কথা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদকে নির্মূল করা ছাড়া কোনো বিকল্প নেই। এর জন্য দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এটা এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্ববাসীর সমস্যা।’

অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন অবিন্তা কবির ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চারুকলা অনুষদ সারা দেশে যে চেতনা ছড়িয়ে দিতে চায়, সেই চেতনাবিরোধী শক্তিই হলি আর্টিজানে হামলা চালিয়েছিল। এই আর্কাইভে হলি আর্টিজানে নিহত ব্যক্তিদের পরিচিতি এবং ওই ঘটনাটি নিয়ে তথ্য থাকবে, যাতে সবাই তা জানতে পারে। বাংলাদেশ নিয়ে অবিন্তার লিখে যাওয়া ভাবনা, স্বপ্নগুলোর কথা পড়ে শোনালেন অবিন্তার মা রুবা আহমেদ। বললেন, অবিন্তার স্বপ্ন ছিল একটা এনজিও খুলবে। শিশুদের জন্য কাজ করবে। এই স্বপ্নগুলোকে এগিয়ে নিতে চেষ্টা করে যাবেন তাঁরা।
অবিন্তার প্রিয় রং ছিল বেগুনি। অবিন্তা সাইবার সেন্টার ও আর্কাইভ ঘরটির দেয়ালও সেই রঙের। দেয়ালে ঝোলানো আছে অবিন্তার আঁকা ছবি, তাঁর সার্টিফিকেট আর মাকে লেখা ছোট চিঠিগুলো। এখানে এলে অবিন্তাকেই খুঁজে পাওয়া যাবে।