চারুকলায় আনন্দ আয়োজন
বাংলা নতুন বছরকে বরণ করতে ১৯৮৯ সাল থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সম্প্রতি এই মঙ্গল শোভাযাত্রা মানবতার অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পেয়েছে ইউনেসকোর স্বীকৃতি। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছিল আনন্দ আয়োজন ‘এসো গাহি মঙ্গলের জয়গান’।
গতকাল শনিবার দুপুরের এ আনন্দ আয়োজনে হাজির হয়েছিলেন দেশবরেণ্য শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের দরবারে উপস্থাপন ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আসায় অগ্রগণ্য ভূমিকা পালনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং ইউনেসকোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে সম্মাননা দিয়েছে চারুকলা অনুষদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে এম শহীদুল ইসলামের সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ এবং বাংলা একাডেমির সম্মাননা গ্রহণ করেন মহাপরিচালক শামসুজ্জামান খান।
এ ছাড়া মঙ্গল শোভাযাত্রার সূচনালগ্ন ১৩৯৬ বঙ্গাব্দ থেকে যাঁরা যুক্ত ছিলেন, এমন ২৭ জন শিল্পীকে বিশেষ সম্মাননা জানানো হয়। শুরুতে বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।
বিটিভিতে আজ প্রীতিসম্মিলন: বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তি আজ ২৫ ডিসেম্বর। দিনটি উদ্যাপন করতে বর্ণিল অনুষ্ঠান সাজিয়েছে চ্যানেলটি। বিটিভির প্রবীণ ও নবীন শিল্পী এবং কলাকুশলী, সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পুনর্মিলনীসহ দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিভির ৫২ বছর পূর্তি অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান শোনাবেন দেশের প্রতিষ্ঠিত শিল্পীরা।