চারুকলায় কম যোগ্য প্রার্থীকে শিক্ষক নিয়োগের পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে কম যোগ্যতাসম্পন্ন এক প্রার্থীকে দলীয় বিবেচনায় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ওই অনুষদের বর্তমান সরকার-সমর্থক হিসেবে পরিচিত নীল দলের একাধিক শিক্ষক। এ বিষয়ে নীল দলের ২৯ জন শিক্ষক লিখিতভাবে এই বিভাগে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত মেধাবী প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের একাধিক শিক্ষক জানান, এই বিভাগে সহকারী অধ্যাপকের একটি শূন্য পদের বিপরীতে একজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত চারটি প্রথম শ্রেণি (জিপিএর ক্ষেত্রে জিপিএ অনুয়ায়ী) চাওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদানসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের সুযোগ রাখা হয়। এই একটি পদে নিয়োগ পেতে মোট ১৬ জন প্রার্থী আবেদন করেন।
পরে একই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আরও তিনজন প্রভাষক নিয়োগের সিদ্ধান্ত হয়। এই ১৬ জন প্রার্থীর আবেদন বিশ্লেষণে বাছাই কমিটির সদস্যরা দেখতে পান, শিক্ষাজীবনে চারটি প্রথম শ্রেণি রয়েছেন এমন প্রার্থীর সংখ্যা নয়জন। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ছয়জন। এ নিয়োগ নিয়ে গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদের সভাপতিত্বে বাছাই কমিটির সভা হলেও সেখানে তিনজনের বিষয়ে মোটামুটি একমত হলেও বাকি আরেকটি পদ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। কারণ আবেদন অনুযায়ী ১৩তম অবস্থানে থাকা এক প্রার্থীকে নেওয়ার তোড়জোড় হয়। চারুকলা অনুষদ শাখার ছাত্রলীগের সাবেক শীর্ষস্থানীয় ওই নেতার প্রার্থিতার বিষয়ে আপত্তি তোলেন বাছাই কমিটির একাধিক সদস্য। ফলে ওই দিন সভাটি মুলতবি করা হয়। এরপর ওই প্রার্থীকে নেওয়ার জন্য নানাভাবে কৌশল সৃষ্টি করা হয়। এর মধ্যে গত মাসে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে পরিচিত নীল দল সমর্থক ২৯ জন শিক্ষক লিখিতভাবে প্রকৃত মেধাবীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার আবার সেই মুলতবি সভাটি হওয়ার কথা রয়েছে। ওই বিভাগের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, শর্ত শিথিলের সুযোগ নিয়ে প্রশাসন কম যোগ্যতাসম্পন্ন ওই প্রার্থীকে নিয়োগ দিলে শুধু বিভাগেরই ক্ষতি হবে না, চারুকলা অনুষদেরও বদনাম হবে। শিক্ষকদের বক্তব্য হলো, যদি শর্ত শিথিল করে কাউকে নিতে হয়, তাহলেও আরও যোগ্য প্রার্থী রয়েছে, শিল্পী হিসেবে সুনাম আছে এমন প্রার্থীও রয়েছেন। তাঁরা চান মেধাবী ও বিভাগের জন্য প্রয়োজন এমন কাউকেই নিয়োগ দেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও বাছাই কমিটির প্রধান নাসরীন আহমাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। পরে বাসায় ল্যান্ডফোনে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে জানানো হয় তিনি বাসার বাইরে গেছেন।