চারুকলায় খালিদ মাহমুদ স্মরণ
খালিদ মাহমুদ মিঠু শুধু একজন সাধারণ শিল্পী নন। শিল্পকলার সব মাধ্যমে তাঁর বিচরণ ছিল এবং সব মাধ্যমেই তিনি সাফল্য লাভ করেছেন। এই বহুমুখী প্রতিভা সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে হবে, এর মাধ্যমে নতুন প্রজন্ম অনুপ্রেরণা লাভ করবে।
আকস্মিক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার, চিত্রশিল্পী ও আলোকচিত্রী খালিদ মাহমুদ মিঠু স্মরণে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোক ও স্মরণসভায় এমন মন্তব্য করেন বক্তারা।
অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে চারুকলা অনুষদ আয়োজিত শোকসভায় স্মৃতিচারণা করেন নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর বন্ধু-আত্মীয়, শিক্ষক-গুণগ্রাহীরা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, চিত্রশিল্পী শহীদ কবীর, মোহাম্মদ ইউনুস, নাসিম আহমেদ নাদভী, শিশির ভট্টাচার্য্য, মোখলেসুর রহমান, আতিয়া ইসলাম প্রমুখ। পিতৃ স্মৃতিচারণা করেন খালিদ মাহমুদ মিঠুর মেয়ে শিরোপা পূর্ণা। শিরোপা বলেন, ‘বাবা আরও কাজ করে যেতে চেয়েছিলেন। তিনি আমাদের যে আদর্শ শিখিয়ে গেছেন, আমরা যেন তা মেনে চলতে পারি। তার অসমাপ্ত কাজগুলো যেন আমরা চালিয়ে যেতে পারি।’ খালিদ মাহমুদ মিঠু ৭ মার্চ ঢাকার ধানমন্ডিতে গাছচাপা পড়ে মৃত্যুবরণ করেন।