চারুকলায় তিন শিক্ষকই অশিক্ষকসুলভ আচরণ করেছেন: সিন্ডিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত তিন শিক্ষককে অশিক্ষকসুলভ আচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারপারসন নাহীদ আখতার গত শনিবার একই বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।এ ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সহউপাচার্য হারুন অর রশীদ ঘটনার তদন্ত শেষে গতকাল সন্ধ্যায় উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর তা সিন্ডিকেটে উত্থাপন করা হয়।উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে জড়িত তিন শিক্ষক নাহীদ আখতার, মনির উদ্দিন ও সাবরিনা শাহনাজ ওই দিনের ঘটনায় অশিক্ষকসুলভ আচরণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহীদ আখতার দাবি করেন, আত্মরক্ষার্থে তিনি সহকর্মীর গালে চড় মেরেছেন।