চারুপীঠের সূচিশিল্প প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব
যশোর শহরের চারুপীঠ আর্ট গ্যালারিতে গতকাল শুক্রবার সূচিশিল্প প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৮ নারী কাপড়ে ফোঁড় তুলে সূচিকর্মে তাঁদের নিপুণতা দেখান।
ফ্যাশন ডিজাইন প্রতিষ্ঠান ‘ফোঁড়’ ও আর্ট গবেষণা ইনস্টিটিউট ‘চারুপীঠ’-এর আয়োজনে চতুর্থবারের মতো যশোরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আগামী ৩০ নভেম্বর প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হবে। এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেন মোট ২১৫ জন নারী। এর মধ্য থেকে চূড়ান্ত পর্বে ২৮ জন নির্বাচিত হন।
আয়োজক প্রতিষ্ঠান ফোঁড়-এর নির্বাহী পরিচালক মামুনুর রশিদ জানান, এখান থেকে শীর্ষ ১০ জনকে বাছাই করা হবে। প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীরা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে নগদ আট, ছয় এবং তিন হাজার টাকা। পরের সাতজনের প্রত্যেকে পাবেন এক হাজার টাকা করে। সেই সঙ্গে তাঁদের সনদও দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিচারক ছিলেন দেশের প্রখ্যাত ডিজাইনার চন্দ্রশেখর সাহা, শিল্পী মাহবুব জামাল, আমেনা বেগম ও তটিনী সাহা।