চারুবাকের শাশ্বত প্রেম ও জীবনের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের নেপথ্য পর্দায় বড় বড় তিনটি পাতা। উচ্চারণ-আবৃত্তি-মননের প্রতীক। দুই পাশে দুটি গাছ, যেন তারই ছায়াতলে বসেছিলেন চারুবাকের বাকশিল্পীরা। তাঁদের পেছনের ব্যানারে লেখা আয়োজনের শিরোনাম ‘সুনন্দ শব্দে বাঁধি শাশ্বত প্রেম’। বৈশাখী সন্ধ্যায় বাকশিল্পীরা কবিতায় তুলে ধরেছিলেন প্রেম ও জীবনের জয়গান।গতকাল বুধবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল আবৃত্তি সংগঠন চারুবাকের এই আবৃত্তিসন্ধ্যা। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পে অবদানের জন্য চারুবাক পদক ২০১০ দেওয়া হয়।শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল কবির। প্রথমেই ছিল নবীনদের পরিবেশনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নিয়ে গ্রন্থিত ‘আনন্দেতে জাগো’। এরপর শুরু হয় মূল প্রযোজনা ‘সুনন্দ শব্দে বাঁধি শাশ্বত প্রেম’। তাঁরা আবৃত্তি করেন ‘ভালোবাসার সঙ্কেত এলে, অনুসরণ করো তাকে/ যদিও পথ বড় কঠিন আর বিষম চড়াই/ যখন আড়াল করবে ভালোবাসার পাখা, বিলিয়ে দিও নিজেকে/ যদিও ডানার অন্তরালে নিহিত তরবারি/ আঘাত করবে তোমাকে।’ কবিতার পর কবিতায় এগিয়ে চলে অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানই সাজানো হয়েছিল প্রেম, বিরহ, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাসের কবিতা দিয়ে। দেবাশীষ রূপণের গ্রন্থনা ও নির্দেশনায় এই প্রযোজনায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কহিলল জিবরান, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, সৈয়দ শামসুল হক, আবু হেনা মোস্তফা কামাল, আবুল হাসানসহ বিভিন্ন কবির কবিতা।এরপর ছিল চারুবাক পদক বিতরণী। দুই যুগ ধরে আবৃত্তিচর্চা ও আবৃত্তি সংগঠনে জড়িত আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহকে প্রথমবারের মতো প্রবর্তিত এই পদক দেওয়া হয়। পদক তুলে দেন জ্যেষ্ঠ আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আয়োজকেরা জানান, এ বছর থেকে প্রতিবছরই গুণী আবৃত্তিকারদের মধ্য থেকে একজনকে চারুবাক পদক দেওয়া হবে।শেষে দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পীরা একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন। শেষ হলো আইটিআই নাট্যোৎসবশেষ হলো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত আইটিআই নাট্যোৎসব। গতকাল সমাপনী সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর তিনটি মঞ্চে তিনটি নাটক মঞ্চস্থ হয়। ‘নতুন বাস্তবতা, নতুন থিয়েটার’ স্লোগান নিয়ে ১৫ এপ্রিল থেকে উৎসব শুরু হয়েছিল। শেষ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত, পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনা গাজী কালু চম্পাবতী এবং স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ছায়ানট। শেষ দিনেও ছিল নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে নাটক নিয়ে প্রবল আগ্রহ। উৎসবকেন্দ্র সমাগম ঘটেছিল বিপুল দর্শকের।