চার্চে হামলার ঘটনায় চট্টগ্রামে মানববন্ধন
রংপুর জেলার বলদিপুকুর ক্যাথলিক চার্চে হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে চট্টগ্রামের ১৫টি চার্চ ও বিভিন্ন সংগঠন।
গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি সারা বিশ্বে চলমান মানবতাবিরোধী ঘটনার বিচার দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম ক্যাথলিক ডায়োসিসের সহকারী বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, দামপাড়া ব্যাপ্টিস্ট চার্চের পালক রেভারে শিশু রঞ্জন হালদার ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি জন সমদ্দার। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের প্রধান সরোদ জ্যোতি চাকমা, বৌদ্ধদের অহিংস কমিটির সভাপতি সিজার বড়ুয়া, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপস হোড় প্রমুখ।
৭ জুলাই রাতে রংপুরের বলদিপুকুর ক্যাথলিক মিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় আনুমানিক ৫০-৬০ জন সন্ত্রাসী যাজকদের ও সন্ন্যাসব্রতী সিস্টারদের বাড়ি এবং স্থাপনা ভাঙচুর করে। সন্ত্রাসীরা সিস্টার এবং কর্মচারীদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সম্পদ লুট করে নিয়ে যায়।