চার্জার লাইট নিভিয়ে দিল দুটি প্রাণ
যশোরের অভয়নগর উপজেলায় শৌচাগারের মধ্যে পড়ে যাওয়া ‘চার্জার লাইট’ তুলতে গিয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গত মঙ্গলবার বারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রমজান আলী মোল্লা (৪২) ও তাঁর চাচাতো ভাই হাসান আলী মোল্লা (৪০)। আহত ব্যক্তিরা হলেন রমজান আলীর স্ত্রী রোজিনা বেগম (৩৬) ও চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লা (২৫)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা প্রশাসন পরিবার দুটিকে তিন হাজার করে টাকা, এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩০ কেজি করে চাল দিয়েছে।
নিহত হাসান আলীর বাবা ওমর আলী মোল্লা বলেন, ‘কয়েক টাকার চার্জার লাইট দুটি জীবন কেড়ে নিল। ওদের ছেলেরা এখন কী করে বাঁচবে।’
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার ভোরে রমজান আলীর ছেলে জান্নাত আলী (১২) চার্জার লাইট নিয়ে শৌচাগারে যায়। তার হাত থেকে লাইটটি শৌচাগারে পড়ে যায়। বিকেল পাঁচটার দিকে রমজান শৌচাগারের ট্যাংকের ঢাকনা খুলে মই দিয়ে ভেতরে নেমে লাঠি দিয়ে লাইটটি খুঁজতে থাকেন। এ সময় তাঁর স্ত্রী রোজিনা বেগম ওপরে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে রমজান ট্যাংকের মধ্যে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে ট্যাংকে নামলে রোজিনা বেগমও উঠতে পারেননি। ওই দুজনকে উদ্ধার করতে হাসান আলী ও জহুরুল ইসলাম ট্যাংকে নামলে তাঁরাও উঠতে পারেননি। প্রতিবেশী লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করেন। রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসান আলী ও রোজিনা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছার আগেই হাসান আলী মোল্লা মারা যান। রোজিনা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা গুরুতর। জহুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জহুরুল ইসলাম বলেন, ‘আমি দৌড়ে গিয়ে মই বেয়ে ট্যাংকে নেমে হাসান ভাইয়ের হাত ধরেছিলাম। আর কিছু মনে নেই। পরে দেখি হাসপাতালের বেডে।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। স্টেশন অফিসার কমলেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘ট্যাংকে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছিল। মিথেন গ্যাস অক্সিজেন শুষে নেয়। অক্সিজেনের শূন্যতার কারণে রমজান ও হাসানের মৃত্যু হয়েছে।’
পায়রা ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, ‘রমজান আলী ও হাসান আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের মৃত্যুতে পরিবার দুটি পথে বসার উপক্রম হয়েছে।’