চার্জে থাকা মুঠোফোনে কথা বলার সময় বিস্ফোরণে দম্পতি দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় গতকাল শনিবার চার্জে থাকা মুঠোফোনে কথা বলার সময় বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ওই দম্পতি হলেন জাফর আলী (৪৫) ও দুলালি বেগম (৩৮)। জাফর আলীর বাড়ি কুড়িগ্রামে। স্ত্রীকে নিয়ে তিনি পলাশবাড়ি এলাকার একটি বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় এক পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করেন। তাঁর স্ত্রীও পোশাক কারখানার শ্রমিক।
বাড়ির মালিকের ভাতিজা মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাতে মুঠোফোন চার্জে দিয়ে জাফর ঘুমিয়ে পড়েন। গতকাল ভোর পাঁচটার দিকে তাঁর মুঠোফোনে কল আসে। এ সময় তিনি চার্জ দেওয়া অবস্থায় ফোন ধরে কথা বলার চেষ্টা করেন। তখন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন জাফর ও তাঁর স্ত্রী দুলালির পরনের কাপড়ে ছড়িয়ে পড়ে।
এ সময় দুলালি দরজা খুলে চিৎকার করে বেরিয়ে আসেন। তখন তিনিসহ (মোহাম্মদ আলীসহ) আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে প্রথমে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।
মোহাম্মদ আলী আরও বলেন, বিস্ফোরণে জাফর আলীর মুখ, হাত-পা, বুক ও পেট দগ্ধ হয়েছে। আর দুলালির হাত-পা ও মুখ দগ্ধ হলেও জাফরের তুলনায় তাঁর জখম কম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাফরের সঙ্গে থাকা তাঁর মামাতো ভাই আদম আলী মুঠোফোনে বলেন, জাফরের অবস্থা আশঙ্কাজনক বলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন। তবে তাঁর স্ত্রীর অবস্থা অনেকটা ভালো।