চার্টার্ড অ্যাকাউনটেন্টদের আরও দায়িত্বশীল হতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান সরকার ও জনগণের স্বার্থে আর্থিক খাতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য চার্টার্ড অ্যাকাউনটেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল সোমবার চার্টার্ড অ্যাকাউনটেন্টদের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘জাতীয় সম্পদ সংগ্রহে চার্টার্ড অ্যাকাউনটেন্টদের ভূমিকা’। দিনব্যাপী এ সম্মেলনে সার্কের বিভিন্ন দেশের ৪৫ জন প্রতিনিধিসহ প্রায় ৫০০ অ্যাকাউনটেন্ট যোগ দেন।অনুষ্ঠানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়া আইসিএবির প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এম আবদুস সালাম এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান বক্তব্য দেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, জাতীয় বাজেটের ব্যয় মেটাতে সরকারকে বহুলাংশে প্রত্যক্ষ ও পরোক্ষ করের ওপর নির্ভর করতে হয়। কিন্তু অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান অধিক কর প্রদান এড়াতে এমনভাবে তাদের বার্ষিক আর্থিক বিবরণী তৈরি করে, যাতে প্রকৃত হিসাবের প্রতিফলন ঘটে না। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আর্থিক খাতে আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা স্থাপন এখন সময়ের দাবি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের সময় এসেছে। তিনি বলেন, এ ক্ষেত্রে সামাজিক ব্যবসা একটি সমাধান হতে পারে। যাতে মানুষ মুনাফার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণের জন্যও ব্যবসা করবে। বিশ্ব অর্থনৈতিক মন্দার আগাম সতর্কতা দিতে ব্যর্থতার কারণে তিনি চার্টার্ড অ্যাকাউনটেন্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আতিউর রহমান বলেন, সরকার সব ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পেশাদার অ্যাকাউনটেন্টদের জন্য নতুন আইন প্রণয়নের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তার ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর ও জিডিপির হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাসস।