চাল আত্মসাতের অভিযোগ
বরগুনার পাথরঘাটায় অসহায় ও দরিদ্রদের জন্য ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দ ভিজিএফের ৬৫০ (৫০ কেজি করে ১৩ বস্তা) কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক কাজী এসব চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
পাথরঘাটা পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ২ নম্বর ওয়ার্ডে ৩৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রতি ১০ কেজি করে এ চাল বিতরণ করার কথা। গত বৃহস্পতিবার এ চাল বিতরণের দিন ধার্য ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সমাজকর্মী মনিরা ইয়াসমিন বলেন, চাল বিতরণ শেষে ১৩ বস্তা চাল ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ওই ওয়ার্ডের বাসিন্দা রুনু বেগম, নাসির উদ্দীন, হরুন হোসেন জানান, ওই দিন তাঁদের চাল দেওয়ার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তাঁদের চাল না দিয়ে বস্তায় করে চাল ফেরত নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী হামিদ মক্কি, হেমায়েত হোসেনসহ বেশ কয়েকজন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই কাউন্সিলর আবদুল মালেক কাজী এ চাল বিতরণ শুরু করেন। পৌর ভবনসংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলো থেকে এ চাল বিতরণ করা হয়। বিতরণের শেষ পর্যায় ৬৫০ কেজি (১৩ বস্তা) চাল উদ্বৃত্ত ছিল।
অভিযোগ অস্বীকার করে মালেক কাজী বলেন, চাল বিতরণের সময় তাঁরা উপস্থিত ছিলেন। বিতরণ শেষে তাঁদের এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।