চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানভীর হোসেন তালুকদার ওরফে বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এই তথ্য পওয়া গেছে। ২ এপ্রিল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বরখাস্তের আদেশ পৌঁছায়।
একই আদেশে ইকড়ি ইউপির প্যানেল চেয়ারম্যানের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন করার জন্য ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। তানভীর হোসেন ২০১১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ইকড়ি ইউপির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা জানান, ২০১১ সালে ঈদুল আজহার সময় দুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ ভিজিএফের চাল বরাদ্দ করা হয়। ওই চাল থেকে ৭৬ বস্তা (প্রতি বস্তায় ৫০ কজি) পাচারের চেষ্টাকালে ইউএনও কাজী মাহাবুবুর রশিদ তা জব্দ করেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান তানভীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা করেন।
এ মামলায় তানভীর হোসেন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বরখাস্তের আদেশ সূত্রে জানা গেছে, ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তানভীর হোসেনকে ইউপির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া জনস্বার্থে সমীচীন নয়। এ কারণে তাঁকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারার বিধান মতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভিজিএফের চাল আত্মসাৎ ও পাচারের চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন তানভীর হোসেন। তিনি সাময়িক বরখাস্তের আদেশ ভুয়া বলে দাবি করেন।